ভুয়ো রেশন কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নিশানা, বাম সরকারের বিরুদ্ধে অভিযোগ

বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে রেশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে, দালালরাজ বন্ধ করা হয়েছে এবং বিনামূল্যে রেশনের পরিমাণ বাড়ানো হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার যখন ক্ষমতায় এসেছিলাম, সত্যিটাকে স্বীকার করতে হবে, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। বামফ্রন্ট আমলের যাঁরা বড়বড় কথা বলছেন…, সেই ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকা মানে, সেই রেশনটা তাঁরা তুলতেন। সেটা কোথায় যেত? তার টাকাটা? আজ পর্যন্ত কোনও কোয়্যারি হয়েছে? এই কাজটা করতে গিয়ে আমাদের ৭-৮ বছর লেগেছে। ১ কোটি ভুয়ো রেশন কার্ড আমার বাতিল করেছি। অনেক দালাল মানুষের রেশন নিয়ে বাইরে বিক্রি করে দিত। তাদের বিরুদ্ধে আমারই কেস করেছি। গ্রেফতার করা হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে চাল কিনতাম। কিন্তু তারা হঠাৎ করে চাল সরবরাহ বন্ধ করে দেয়। তখন আমরা চাষীদের কাছ থেকে চাল কিনতে শুরু করি। এখন আমাদের বিনামূল্যে রেশনের পরিমাণ বাড়ানো হয়েছে।”

রেশন ব্যবস্থার উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন অনেকে। তবে বামপন্থীরা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। তারা দাবি করেছেন, বাম আমলে রেশন ব্যবস্থা খুবই ভালো ছিল।