“২৪-এর নির্বাচনের আগে এরকম আরও হবে”-প্রাক্তনের গ্রেফতারিতে মুখ খুললেন বর্তমান খাদ্যমন্ত্রী

সদ্য প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের প্রতিক্রিয়া হল, “২৪ নির্বাচনের আগে আরও কিছু হবে।”
রথীন ঘোষ বলেন, “দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন, তাই বলব। তবে আমার একটাই কথা, ২৪ এর নির্বাচনের আগে এই ধরনের জিনিস হয়তো হবে।”
রেশন বণ্টনে দুর্নীতির তদন্তের জন্য ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে বলে মনে করা হচ্ছে। তবে রথীন ঘোষ বলেন, “আমি আসার পর রেশন সামগ্রী বন্টন এখন বায়োমেট্রিক সিস্টেমে হয়। বেশ কিছু অভিযোগ শুনেছি, তবে সেগুলো সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল না বলে কিছু বলা যায় না।”
রাজ্যে প্রায় ২ কোটির উপর রেশন কার্ড বাতিল করা হয়েছে সম্প্রতি। সেই ভুয়ো কার্ডের পেছনে কি লুকিয়ে রয়েছে দুর্নীতির বেড়াজাল? রথীন ঘোষ জানান, “বিষয়টি নিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি। আধার কার্ড যাচাইয়ের বেশ কিছু কার্ড বাতিল করা হয়েছে। যেসব ভুয়ো কার্ড ছিল, সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে। এটা কেন্দ্রীয় নীতিও ছিল।”
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং পুরসভা দুর্নীতি বাইরে খাদ্য দফতরে নিয়োগের ক্ষেত্রেও কী কোনও দুর্নীতি হয়েছে? রথীন ঘোষের কথায়, “খাদ্য দফতরে না রেশন বিভাগে এরকম ভাবে নিয়োগ করা যায় না। এটা সম্পূর্ণ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। সুতরাং এই সংক্রান্ত কোনও অভিযোগ তোলা হলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।”
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির অভিযোগে গ্রেফতারির ঘটনায় আমরা খুশি। এই দুর্নীতির তদন্ত অব্যাহত থাকবে। আরও অনেকেই গ্রেফতার হবেন।”