‘নির্লজ্জ দ্বিচারিতা করছে বিশ্ব’-গাজা ইস্যুতে নিন্দায় সরব হলেন এবার জর্ডানের রানি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে, তাতে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়ে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। পশ্চিমা নেতাদের এ অবস্থানকে ‘নির্লজ্জ দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে রানিয়া বলেন, গাজায় চলমান বিপর্যয় নিয়ে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ। গত কয়েক সপ্তাহে আমরা বিশ্বে একটি প্রকট দ্বিচারিতা দেখেছি।

তিনি বলেন, ৭ অক্টোবরের ঘটনার পর বিশ্ব তাৎক্ষণিক ও দ্ব্যর্থহীনভাবে ইসরায়েল ও দেশটির আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াল এবং যে হামলা ঘটেছিল, তার নিন্দা জানাল…তবে আমরা গত কয়েক সপ্তাহ ধরে কী দেখছি, আমরা দেখছি বিশ্বের নীরবতা।

৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে যায় হামাস। জবাবে ইসরায়েল হামলার পাশাপাশি গাজা অবরুদ্ধ করে। আর ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি।

রানিয়া বলেন, আধুনিক ইতিহাসে প্রথম মানুষ এমন দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে আর বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না। আমাদের বলা হচ্ছে যে, বন্দুকের মুখে একটি পরিবারকে, একটি পুরো পরিবারকে হত্যা করা ভুল। কিন্তু বোমা মেরে তাদের (গাজাবাসী) হত্যা করা কি ঠিক? এখানে দ্বিচারিতা রয়েছে। আরব বিশ্বের জন্য এটি দুঃখজনক।