SPORTS: ছক্কা হাঁকিয়ে রোহিতের বিশ্বরেকর্ড, বিশ্বকাপে দেখা গেলো T20 র ঝড়

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসে আপন রূপে আবির্ভূত হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যার তেজে পুড়ে ছারখার হয়েছে আফগানিস্তান। ওয়ানডে ম্যাচকে তিনি খেলেছেন টি-২০ ফরমেটে। মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি করার পর ৬৩ বলে করেছেন সেঞ্চুরি।
এই ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক। যে কীর্তিতে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এতদিন সবচেয়ে বেশি ছক্কা হাকানোর বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার।

এবার তাকে পেছনে ফেলে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন রোহিত। এ ম্যাচে নামার আগে গেইলকে পেছনে ফেলতে রোহিতের প্রয়োজন ছিল তিনটি ছক্কার। সেখানে তিনি বিশ্বকাপের নবম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মেরেছেন পাঁচটি ছক্কা।

যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫৫৬ ছক্কার মালিক হন রোহিত। এতে ভেঙ্গে যায় গেইলের ছক্কার বিশ্বরেকর্ড। তিন ফরম্যাটে ৪৮৩ ম্যাচ খেলে ক্যারিয়ারে ৫৫৩টি ছক্কা মেরেছেন গেইল। ১০৩ টেস্টে ৯৮, ৩০১ ওয়ানডেতে ৩৩১ ও ৭৯ টি-২০তে ১২৪টি ছক্কা ক্যারিবিয়ান কিংবদন্তির।

অন্যদিকে তিন ফরম্যাটে ৪৫৩ ম্যাচ খেলা রোহিত এখন ৫৫৬ ছক্কার মালিক। ৫২ টেস্টে ৭৭টি, ২৫২ ওয়ানডেতে ২৯৫টি ও ১৪৮ টি-২০তে ১৮২টি ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। ৫২৪ ম্যাচে ৪৭৬ ছক্কা নিয়ে তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।