OMG! সাধারণ মানুষকে বন্দি করে নিয়ে যাচ্ছে হামাস, শিশু ও বয়স্ক মানুষকেও দেয়নি ছাড়

ইসরায়েল থেকে ১৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করেছে হামাস। সোমবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি গিলাদ এরদান।
সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদান বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুসারে, ১৫০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক বর্তমানে হামাসের হাতে জিম্মি অবস্থায় রয়েছে। এটি একটি অভূতপূর্ব সংকট। আমরা আশা করছি, এই জিম্মিরা কেমন আছেন, তাদের সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবহার করা হচ্ছে কিনা, রেডক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এ ব্যাপারে মনোযোগী হবে। কিন্তু হামাস যদি মনে করে যে, আমরা পিছু হটবো তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ইসরায়েল এবং তার নাগরিকদের ভবিষ্যতকে নিরাপদ করার এই লড়াইয়ে আমরা পিছপা হবো না।
উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। ওই দিন ভোর থেকে একের পর এক রকেট ছুড়তে থাকে হামাস। প্রায় একইসঙ্গে হ্যাং গ্লাইডার, মোটর চালিত গ্লাইডার, জিপ ও গাড়িতে চেপে ইসরায়েলে প্রবেশ করে প্রায় হাজার খানেক হামাস যোদ্ধা।
ইসরায়েলে প্রবেশের পর বিভিন্ন বেসামরিক ভবন লক্ষ্য করে রকেট ছোড়ার পাশাপাশি শত শত সাধারণ ইসরায়েলি ও অন্যান্য নাগরিকদের হত্যা করে যোদ্ধারা। তারপর ওই দিনই বেশ কয়েকজন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায়।