DurgaPuja: পুজোর আগে গাড়ি থামিয়ে রাস্তায় চাঁদা নয়, সতর্ক করলো লালবাজার

দুর্গাপুজোর আগে রাস্তা আটকে চাঁদা তোলার বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জোর করে কারও থেকে চাঁদা নেওয়ার ঘটনা আটকানোর নির্দেশ দেওয়া হয়েছে সব ট্র্যাফিক গার্ডগুলিকে। রাস্তা আটকে গাড়ি থেকে চাঁদা তোলার জন্য যানজট যেন কোনওভাবেই না হয় সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে।

গত কয়েকবছরে শহরের বাসিন্দাদের থেকে চাঁদার নামে জুলুমবাজির অভিযোগ সেভাবে আসেনি বলেই দাবি লালবাজারের কর্তাদের। তবে, রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঝামেলার ঘটনা গতবারও ঘটেছে বেশ কয়েকটি জায়গায়। সেকারণেই শহরের সব ডেপুটি কমিশনারদের তাঁদের আওতাধীন এলাকায় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

বিশেষ করে যে সব রাস্তা দিয়ে মালবাহী গাড়ি চলে এবং রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা থাকে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজো কমিটিগুলির তরফেও চাঁদা তোলার বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে। রবীন্দ্র সরোবর সংলগ্ন শিবমন্দির পুজো কমিটির তরফে পার্থ ঘোষ বলেন, “এখন আর বাসিন্দাদের থেকে সেভাবে চাঁদা চাওয়া হয় না। কারণ, বিভিন্ন সংস্থার দেওয়া বিজ্ঞাপন থেকে আয় অনেক বেড়েছে। সেই সঙ্গে সরকারি অনুদানও তো রয়েছেই। তাছাড়া, এখন চাঁদা সংগ্রহ করার লোকেরও বড় অভাব।”

বিধাননগর কমিশনারেটের কর্তাদেরও দাবি, গত কয়েকবছরে দুর্গাপুজোর নামে জুলুমবাজির অভিযোগ না থাকলেও রাস্তা আটকে চাঁদা তোলার অভিযোগ বেশ কয়েকটি পাওয়া গিয়েছিল। এবারে ট্র্যাফিক গার্ডগুলিকে বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে।