Israel: যুদ্ধে ভয়ানক পরিস্থিতি, সীমান্ত থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল

সময় যত গড়াচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলের অভ্যন্তরেই এই লড়াই চলছে। এমন পরিস্থিতিতে গাজার সীমান্তবর্তী বিভিন্ন শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, যেসব শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে সেগুলো হলো নাহাল ওজ, ইরেজ, নির আম, মেফালসিম, কেফার আজা, গেভিম, অর হানার, ইবিম, নেতিভ হাসারা, ইয়াদ মোর্দেচাই, কারমিয়া, জিকিম, কেরেম শালোম, কিসুফিম, হোলিট, সুফা, নিরিম, নির ওজ, এইন, হাশলোশা, নির ইতজাক, বে’রি, ম্যাগেন, রেইম, সাদ এবং আলুমিম।
ইসরায়েলি বহিনী আরও জানিয়েছে, পরিস্থিতির যথাযথ বিবেচনা করে আরও উদ্ধার অভিযান পরিচালান করা হবে।
সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আগামী ২৪ ঘণ্টায় আমাদের লক্ষ্য হলো গাজার আশপাশে বসবাসকারী সব নাগরিকদের সরিয়ে নেওয়া।
এদিকে সাধারণ মানুষকে চলমান লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা।
ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে লড়াই অব্যাহত থাকায়, আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা একটি নতুন বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি জনগণকে এই যুদ্ধে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত গড়িয়েছে দ্বিতীয় দিনে। বেশ কিছু স্থানে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে সশস্ত্র লড়াই। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে গাজা সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় শহর ম্যাগেনে দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুক যুদ্ধ চলছে।
হিব্রু ভাষার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ভারী ট্যাঙ্ক ব্যবহার করছে।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
মূলত ইসরায়েলের ভেতর থেকে হামাস যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল।