“সহায়ক চাই!”-প্রাক্তন শিক্ষামন্ত্রীর নতুন ‘আবদার’ শুনে মুখ ফেরাল কর্তৃপক্ষ

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে জামিন চেয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হন তিনি, কিন্তু ব্যর্থ হন। এবার তিনি পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু সেই আবেদন ফেরৎ করে দেওয়া হয়েছে।
জেল সূত্রে জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায় তাঁর চলা-ফেরা ও ওঠা-বসায় সমস্যা হচ্ছে জানিয়ে জেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। পূর্ণ সময়ের সহায়ক দেওয়ার অনুরোধ করে তিনি চিঠিও দেন। চিঠি পেয়ে জেল কর্তৃপক্ষ SSKM হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। সেখানকার চিকিৎসকদের দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা পার্থকে পরীক্ষা করে বেশ কিছু ওষুধ দিলেও, তাঁর সহায়কের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন। শুধুমাত্র ব্যায়াম করার সময় সাহায্যকরারী দেওয়া যেতে পারে বলে জেল কর্তৃপক্ষকে জানান চিকিৎকরা।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, “আমি এই সিদ্ধান্তের বিরোধিতা করি। পার্থবাবু একজন বয়স্ক ব্যক্তি। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তাঁকে পূর্ণ সময়ের সহায়কের প্রয়োজন।”
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনও এখনও পর্যন্ত খারিজ হয়ে আসছে। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি প্রথমবার জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিশেষ সিবিআই আদালত। এরপর আরও দুবার তিনি জামিনের আবেদন করেন, কিন্তু সেগুলিও খারিজ হয়ে আসে।