ক্লাসরুমের চাবি কার কাছে? বন্ধ রইল ক্লাসরুম হল না পড়াশোনা, দায় ঠেলাঠেলি দুই শিক্ষকের

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বেলগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে চাবির টানাটানিতে বন্ধ হয়ে গেল ক্লাসরুম। হল না পড়াশোনা, মিড-ডে মিল না খেয়েই বাড়ি ফিরতে হল পড়ুয়াদের।

শুক্রবার সকালে প্রধান শিক্ষক অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলেন। প্রধান শিক্ষক না থাকায় ক্লাসরুমের তালা খোলার দায়িত্ব ছিল দুই সহকারি শিক্ষকের। কিন্তু চাবি নিয়ে দুই সহকারি শিক্ষকের মধ্যে ঝগড়া শুরু হয়।

একজন সহকারি শিক্ষক জানান, তার কাছে একটি চাবি থাকলেও সেটি অফিসরুমে। কিন্তু অফিস রুমে দুটো তালা লাগানো থাকায় খোলা সম্ভব নয়। অপর সহকারি শিক্ষক স্পষ্ট জানিয়ে দেন, তার কাছে কোনও চাবি নেই।

এই নিয়ে দুই শিক্ষকের মধ্যে ঝগড়া, গন্ডগোল, দায় ঠেলাঠেলি শুরু হয়। ঘটনার খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ শুরু করেন। অভিভাবকদের অভিযোগ, সকাল থেকে দুপুর গড়ালেও স্কুলের তালা খোলা হয়নি। দুই শিক্ষক এলেও চাবি নেই কারও কাছে।

প্রধান শিক্ষক সুনীল ঘোষ বলেন, “বৃহস্পতিবার স্কুলে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ের পরে ক্লাসরুমের চাবি অফিসরুমে থেকে গিয়েছে। ওই ঘরের চাবি দুই সহকারি শিক্ষকের কাছেও থাকে। একজন চাবি থাকার কথা স্বীকার করলেও অন্যজন পুরো অস্বীকার করেছেন। শারীরিক অসুস্থতার জন্য আমি ছুটিতে আছি। বাইরে ডাক্তার দেখাতে এসেছি। এতে আমার কী করার আছে?”

অবর বিদ্যালয় পরিদর্শক দীপাঞ্জন মণ্ডল বলেন, “এমনটা হওয়া উচিত হয়নি। প্রধান শিক্ষক ছুটি নেওয়ার কথা আমাদের গ্রুপে পোস্ট করলেও হয়তো অন্য শিক্ষকরা তা জানতেন না। ফলে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এমনটা যাতে আর না হয় সেই কারণে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”