প্রেমের প্রস্তাব খারিজ করায় জুনিয়রের গলায় ব্লেড চালালো সিনিয়র, চাঞ্চল্য কলেজ জুড়ে

প্রেমের প্রস্তাব খারিজ করেছিলেন কলেজের জুনিয়র ছাত্রী। সে কারণে তার গলায় ব্লেড চালালেন সিনিয়র ছাত্র। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনা ভারতের কর্নাটক রাজ্যের কোলার স্বর্ণখনি এলাকার।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম প্রীতম প্রভু। টি থিমাইয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। ঐ কলেজেই প্রথমবর্ষে পড়াশোনা করেন আইরিন। বয়স ২০ বছর।
আইরিনকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন প্রীতম। কিন্তু তিনি তা খারিজ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার গলায় ব্লেড চালান প্রীতম। প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয় আইরিনকে। এরপর বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে।
আইরিনের অবস্থা স্থিতিশীল। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। কোলার গোল্ড ফিল্ডে এসে পড়াশোনা করছিলেন। কাকার সঙ্গে সেখানে থাকেন তিনি। প্রীতমও সেখানকার বাসিন্দা। থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্তও করছে। এরই মধ্যে প্রীতমকে আটক করা হয়েছে।