শ্রীলংকায় বিদ্যুৎকেন্দ্রের কাজ আদানি গ্রুপকে দিতে চাপ, ফের বিতর্কে জড়ালেন মোদি

শ্রীলংকা থেকে এবার বিতর্কের তীর উড়ে এল ভারতের দিকে। দ্বীপরাষ্ট্রটির বিদ্যুৎ বিভাগের প্রধান এম এম সি ফার্ডিনান্ডো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার বরাদ্দ দিতে আদানি গ্রুপকে নাকি জোর করেছিলেন মোদি, এমনটাই দাবি করেছেন ফার্ডিনান্ডো।
মোদির সাথে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির সখ্যতার কথা সর্বজনবিদিত। শ্রীলংকায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রের বরাদ্দ পেয়েছে আদানি গ্রুপ। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল শ্রীলংকার প্রধান বিরোধী দল সমাগি জন বালাওয়াএগা।

দলের পক্ষ থেকে বলা হয়েছিল, বেআইনিভাবে পেছনের দরজা দিয়ে শ্রীলংকায় ঢুকছে বাইরের শক্তি। এই দেশের অর্থনীতিতে আঘাত হানছে। কার্যত সেই অভিযোগে সিলমোহর দিয়ে সংসদীয় কমিটির প্রশ্নের উত্তরে ফার্ডিনান্ডো বলেন, রাজাপাকসে আমাকে বলেছিলেন, ৫০০ মেগাওয়াটের বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র তৈরির দায়িত্ব আদানি গ্রুপকে দিতে চান মোদি।

আপলোড করা ফার্ডিনান্ডোর সাক্ষ্যের একটি ভিডিও ক্লিপে বিদ্যুৎমন্ত্রীকে বলতে শোনা গেছে, ২০২১ এর ২৪ নভেম্বর প্রেসিডেন্ট আমাকে একটি বৈঠকের পর ডেকে বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি তাকে প্রকল্পটি আদানি গ্রুপের কাছে হস্তান্তর করার জন্য চাপ দিচ্ছেন শ্রীলংকার উত্তর উপকূলে ৫০০ মেগাওয়াট একটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য আদানি গোষ্ঠীকে কীভাবে বেছে নেয়া হয়েছিল সে সম্পর্কে কমিটির সভাপতির প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।

দেশের সিলন ইলেকট্রিসিটি বোর্ডের প্রধান ফার্ডিনান্ডো তখনই নাকি জানিয়েছিলেন, বিষয়টি শ্রীলংকার বিনিয়োগ বোর্ডের সাথে সম্পর্কিত নয়। কিন্তু প্রেসিডেন্ট রাজাপাকসে বিদ্যুৎমন্ত্রীকে চাপ দিয়ে বলেন, আমি এই প্রকল্প দেখতে চাই। এর জন্য অর্থ সচিবকে প্রয়োজনীয় কাজ করতে হবে।

তবে ফার্ডিনান্ডোর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া দিয়েছেন গোতাবায়া রাজাপাকসে। পুরো ঘটনা অস্বীকার করে তিনি জানিয়েছেন, সিলন ইলেকট্রিসিটি বোর্ডের প্রধান যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে দায়িত্ব পাইয়ে দিইনি আমি।

এর আগেও কলম্বো বন্দরের উন্নয়নের কাজ করার বরাদ্দ পেয়েছিল আদানি গ্রুপ। ব্যাপক আর্থিক বিপর্যয়ের মধ্যে প্রতিবেশী দেশ সম্পর্কে শ্রীলংকার মন্ত্রীর এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয় কিনা সেটাই দেখার।