শিক্ষকের গ্লাসে জল পান করায় ছাত্রকে বেধড়ক মারধর, ছাত্রকে মারলেন লাথিও

শিক্ষকদের জন্য আলাদা পাত্রে বিশেষ ভাবে সংরক্ষণ করা ছিলো জল। স্কুলের আর কোথাও জল না পেয়ে সেই জলে পিপাসা মিটিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্র। কিন্তু তার ফল হল ভয়ঙ্কর। শিক্ষকের হাতে বেধড়ক মার খেতে হল তাকে।
সম্প্রতি ভারতের রাজস্থানের ভরতপুরের একটি সরকারি স্কুলে এ ঘটনাটি ঘটেছে। সেখানে সপ্তম শ্রেণির এক দলিত ছাত্রকে জল খাওয়ার ‘অপরাধে’ মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছাত্রের পরিবার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে খবর, গত ৮ সেপ্টেম্বর আর পাঁচটা দিনের মতোই সকাল সকাল স্কুলে গিয়েছিল ওই ছাত্র। প্রার্থনা পর্বের শেষে তার খুব জল পিপাসা পেয়েছিল। কিন্তু স্কুলের ট্যাঙ্কে সে সময় জল ছিল না। কোথাও জল না পেয়ে শিক্ষকদের জন্য বিশেষ ক্যাম্পারে রাখা জল খেয়ে নেয় ছাত্রটি।
দলিত ছাত্র একা নয়, আরো কয়েক জন ছাত্র ওই ক্যাম্পার থেকে জল খেয়েছিল বলে খবর। অভিযুক্ত শিক্ষক গঙ্গারাম গুর্জর এসে এক এক করে সকল ছাত্রের জাত জানতে চান। অভিযোগকারী ছাত্র দলিত শুনেই তাকে মারতে শুরু করেন বলে অভিযোগ। অন্য ছাত্রদের সামনেই তাকে লাথিও মারা হয়।
ছাত্রের পরিবারের দাবি, তাদের ছেলের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
ভরতপুরের বয়ানা থানার এসএইচও সুনীল কুমার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার