‘মোদী জনপ্রিয় নেতা, নিজের করিশ্মাতেই ক্ষমতায় এসেছেন’,-দেবাংশুর কণ্ঠে মোদীর প্রশংসা

শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মোদী একজন জনপ্রিয় নেতা, তবে তার পপুলারিটির জায়গা কমছে।

দেবাংশু বলেন, “মোদী জনপ্রিয় এটা বলতে আমার কোনও সংকোচ নেই। পপুলার বলেই একক সংখাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছেন। তবে তার ধারের কাছে এখন অনেকে চলে এসেছে। কিন্তু নরেন্দ্র মোদী এখনও পপুলার। কিন্তু পপুলারিটির জায়গা টা কমছে।”

তিনি বলেন, “যখন কারও পক্ষে ভোট হয়, তখন মুখটা ফ্যাক্টর হয়। যেমন ১৪ তে হয়েছে, যেমন ১৯ এ হয়েছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য। ২০১৪ তে মোদী নিজের করিশমাতেই জিতেছিল।”

দেবাংশুর মতে, বিরোধী জোটের প্রধান মুখ থাকা জরুরি। তিনি বলেন, “ইন্দিরা গান্ধী যখন পরাজিত হন তার বিপরীতে কোনও মুখ ছিল না। কোনও ফেস না থাকতেও ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিলেন।”

তিনি বলেন, “আমাদের কাছে প্রধানমন্ত্রীর মুখ না থাকলেও দুটো হাত আছে, দুটো পা আছে। অবশ্যই মুখ একটা ফ্যাক্টর। তবে যখন কাউকে হারানোর জন্য ভোট হয় তখন মানুষ দেখবে আমার এলাকায় যে ভালো আছে তাকেই ভোট দেবে।”

দেবাংশু বলেন, “যেমন একই শাহরুখ খান সব পাঠানের মতো হিট মুভি দেয় না, কয়েকটা জিরোর মতো ফ্লপ ও দেয়। তেমন একই নরেন্দ্র মোদী সবগুলো ২০১৪ দেবে না। কিছু ২০১৯ ও দেবে।”