বিশেষ: স্কুলে মিড-ডে মিলের রাঁধুনির কাজ করেন মা! দারিদ্রতাকে হারিয়ে পিতৃহীন ছেলে এখন IAS অফিসার

ছোটবেলা থেকেই দরিদ্রতা ছিল নিত্যসঙ্গী। কিন্তু কোনও বাধার কাছে মাথা নত করেননি ডোংরে রেভাইয়াহ। নিজের ভবিষ্যৎ লক্ষ্য ছিল স্থির। তাই তো সমস্ত প্রতিবন্ধকতাকে পার করে হয়েছেন আইএএস অফিসার।
তেলেঙ্গানার এক ছোট্ট শহরের দলিত পরিবারে জন্মগ্রহণ করেন ডোংরে। অল্প বয়সে বাবা মারা যাওয়ায় পারিবারিক টালমাটাল, দারিদ্রতার মধ্যেই বড় হয়েছেন তিনি। কিন্তু মনের জোর কখনো হারাননি।
ছোটবেলা থেকেই মেধাবী ডোংরে আইআইটি এন্ট্রান্স পাস করেন। ভর্তি হন আইআইটি মাদ্রাজে। কিন্তু আইআইটি-তে ভর্তি হলেও অভাব ছিল তাঁর পড়াশোনা চালানোর খরচের। সেসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় জেলা প্রশাসন।
আইআইটি গ্রাজুয়েট হয়ে ডোংরে পাস করেন গেট পরীক্ষা। দেশের অন্যতম কঠিন গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি হায়দরাবাদে মোটা মাইনের একটি চাকরিতে যোগ দেন।
কর্মজীবন শুরু করেও থেমে যায়নি ডোংরের স্বপ্ন। প্রস্তুতি নিতে থাকেন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার। এরপর 2022 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তিনি। সারা ভারতের মধ্যে ব়্যাঙ্ক করেন 410।
বছরের পর বছর পরীক্ষা দিয়েও যেখানে বহু মেধাবী পড়ুয়ারা ইউপিএসসি-তে সাফল্য পান না, সেখানে প্রথমবার পরীক্ষা দিয়েই অবিশ্বাস্য রেজাল্ট করেছিলেন ডোংরে। সাধনা এবং মনের জোরেই সফল হন এক দলিত পরিবারের ছেলে।
ডোংরে বলেন, “আমার স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা। সেই স্বপ্ন পূরণের জন্য আমি কোনও বাধাকেই সামনে আনিনি।”
ডোংরের সাফল্য অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর এই সাফল্য দেখায় যে, দরিদ্রতা কখনই কোনও বাধা হতে পারে না। মনের জোর থাকলে সবকিছুই সম্ভব।