আইফোন-ম্যাকবুক কিনতে পকেট ফাঁকা হবে? দাম বাড়ানোর ইঙ্গিত অ্যাপল সিইওর

অ্যাপলের পণ্যপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ভবিষ্যতে আইফোন, ম্যাকবুক বা আইপ্যাডের মতো প্রিমিয়াম অ্যাপল গ্যাজেট কিনতে সাধারণ গ্রাহকদের আরও বেশি খরচ করতে হতে পারে। মেমোরি ও স্টোরেজ চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে সংস্থার পণ্যের দাম বাড়ানো এখন ‘প্রায় অনিবার্য’ বলে ইঙ্গিত দিলেন অ্যাপল সিইও টিম কুক।

কেন এই দাম বৃদ্ধি? ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে টিম কুক জানান, বিশ্ববাজারে DRAM এবং High-Bandwidth Memory (HBM)-এর চাহিদাই এই সংকটের প্রধান কারণ। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সার্ভারের জন্য HBM চিপের ব্যাপক চাহিদার ফলে সাধারণ ডিভাইসের চিপ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ২০২৫ সাল থেকে গুগল, মাইক্রোসফট ও মেটার মতো টেক জায়ান্টে AI-তে বিনিয়োগের ফলে মেমোরি ও স্টোরেজ চিপের দাম গত বছরের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে। কুকের কথায়, “এতদিন গ্রাহকদের এই প্রভাব থেকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পরিস্থিতি এখন আর সামাল দেওয়ার মতো অবস্থায় নেই।”

কতটা বাড়তে পারে দাম? যদিও নির্দিষ্ট কোনো পণ্যের দাম বা তারিখ ঘোষণা করেননি কুক, তবে বিশেষজ্ঞদের আশঙ্কা রীতিমতো বড়সড়। TechInsights-এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানির বর্তমান লাভের হার বজায় রাখতে গেলে আগামী আইফোন প্রো (iPhone Pro) মডেলের দাম প্রায় ২৭০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। ২০২৭ সাল পর্যন্ত এই মূল্যবৃদ্ধির প্রবণতা বজায় থাকতে পারে বলে সংস্থাটির অনুমান।

কবে থেকে কার্যকর হতে পারে? আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ (iPhone 18) সিরিজ ও সম্ভাব্য ফোল্ডেবল আইফোন লঞ্চের সময় এই দাম বৃদ্ধির চূড়ান্ত চিত্র স্পষ্ট হতে পারে। তবে ম্যাক এবং আইপ্যাডের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি তুলনামূলক দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি অ্যাপল তাদের ম্যাক মিনি (Mac Mini)-র প্রাথমিক দাম বাড়িয়েই সেই ইঙ্গিত দিয়েছে।

সরবরাহ ও নিরাপত্তা বিধি: চিনে মেমোরি চিপ প্রস্তুতকারী সংস্থা বাড়লেও, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তাদের সঙ্গে ব্যবসা করতে অ্যাপলকে সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকতে হয়। এই বিষয়ে টিম কুক জানিয়েছেন, সরবরাহ স্বাভাবিক করতে তারা সমস্ত সম্ভাব্য উৎসের দিকে নজর রাখছেন।

দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে এমন পরিস্থিতির মুখোমুখি কখনও হননি বলে মন্তব্য করেছেন কুক। এটিকে তিনি ‘শতাব্দীতে একবার আসা বন্যা’র সাথে তুলনা করেছেন। সেপ্টেম্বরে জন টার্নাসের হাতে নেতৃত্ব হস্তান্তরের আগে অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই মূল্যবৃদ্ধির ঘোষণা করে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *