বিশেষ: বাইক, স্কুটার কিনতে লোন নেবেন? ঠকতে না চাইলে এই ৫ দিকে রাখুন খেয়াল

নতুন বাইক বা স্কুটার কেনার স্বপ্ন পূরণের জন্য অনেকেই ডাউনপেমেন্ট করার পর বাকি টাকা লোনের মাধ্যমে শোধ করতে চান। কিন্তু টু-হুইলার লোন নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় না রাখলে শেষ পর্যন্ত আপনাকে ঠকতে হবে এবং পকেট থেকে বেরিয়ে যাবে বাড়তি টাকা।
তাই আপনি যদি এই সময় লোনের মাধ্যমে বাইক বা স্কুটার কেনার কথা ভাবেন, তবে সাবধান হোন। লোন নেওয়ার আগে এই ৫টি বিষয় যাচাই করা আবশ্যক, যা আপনার পকেটে বেশি টাকা বাঁচাবে।
১. সুদের হার (ইন্টারেস্ট রেট) নিজে যাচাই করুন
বাইক বা স্কুটার কেনার সময় শোরুমের সঙ্গে নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের যোগ থাকে। স্বভাবতই, শোরুম চাইবে আপনি তাদের সুপারিশ করা জায়গা থেকেই লোন করান। এই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না।
- সমাধান: নিজে একটু রিসার্চ করুন। দেখুন কোন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান সবচেয়ে কম ইন্টারেস্ট রেট দিচ্ছে। অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে, যেখানে সুদের হার কম, সেখান থেকেই লোন নিন।
২. প্রসেসিং ফি এবং সার্ভিস চার্জ জানা জরুরি
লোন পাশ করানোর জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি প্রসেসিং ফি এবং সার্ভিস চার্জ নেয়। দুর্ভাগ্যবশত, এই খরচ আগেভাগে কেউ জানাতে চায় না। যার ফলে লোন নেওয়ার সময় বাড়টি খরচের কথা শুনে অবাক হতে পারেন।
- সমাধান: টু-হুইলার লোন নেওয়ার আগেই প্রসেসিং চার্জ বা অন্যান্য লুকানো খরচ বিস্তারিতভাবে জেনে নিন। এতে আপনি খরচের দিক থেকে লাভের মুখ দেখবেন।
৩. ক্রেডিট স্কোরের খবর রাখুন
মনে রাখবেন, আপনার ক্রেডিট স্কোর (Credit Score) যত ভালো হবে, লোন পাওয়া ততটাই সহজ হবে। শুধু তাই নয়, ক্রেডিট স্কোর ভালো থাকলে ইন্টারেস্ট রেটও কমবে।
- পরামর্শ: বাইক বা স্কুটারের জন্য লোন নেওয়ার আগে অবশ্যই এই বিষয়টি যাচাই করে নিন। সাধারণত ৭৫০-এর উপরে ক্রেডিট স্কোর থাকা ভালো এবং সুদের হার কমানোর জন্য এটি একটি বড় অস্ত্র।
৪. ইএমআই (EMI) এবং টেনিয়র বারবার বুঝে নিন
অনেক ব্যাঙ্ক বা ফিনান্স কোম্পানি লোন দেওয়ার সময় একরকম ইএমআই বলে, কিন্তু শোধ করার পালা এলে ইএমআই-এর পরিমাণে তফাৎ দেখা যায়।
- সমাধান: লোন নেওয়ার আগে বারবার জিজ্ঞেস করে নিন যে আপনার মাসিক ইএমআই কত টাকা পড়বে, এবং সেই অঙ্কটি নিশ্চিত করে নিন। পাশাপাশি, লোন টেনিয়র বা কতদিনের জন্য এই লোন চলবে, এটিও ভালোভাবে মাথায় রাখা জরুরি।
৫. ডাউন পেমেন্টের পরিমাণ নিশ্চিত করুন
আপনি গাড়ির দামের সম্পূর্ণ টাকা লোন হিসেবে পাবেন না। দামের একটা নির্দিষ্ট অংশ আপনাকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে।
- সমাধান: লোন নেওয়ার আগে বা শোরুমে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন, আপনার পছন্দের বাইক বা স্কুটারের জন্য কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে। নতুবা শেষ মুহূর্তে প্রয়োজনীয় অর্থের অভাবে ভুগতে হতে পারে।