ফ্লিপকার্টেও কিনতে পারবেন Royal Enfield-এর বাইক, জেনেনিন কিভাবে?

ডিজিটাল গ্রাহকদের জন্য এক নতুন সুবিধা নিয়ে এসেছে জনপ্রিয় বাইক প্রস্তুতকারক রয়্যাল এনফিল্ড। এবার থেকে তাদের বাইক কেনা যাবে ভারতের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে। এই নতুন পরিষেবাটি ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে কার্যকর হবে। আপাতত কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, গুরুগ্রাম এবং লখনৌ— এই পাঁচটি শহরের গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে রয়্যাল এনফিল্ডের বাইক কেনার সুযোগ পাবেন।
ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে রয়্যাল এনফিল্ডের বেশ কিছু জনপ্রিয় মডেল। এর মধ্যে রয়েছে বুলেট ৩৫০, ক্লাসিক ৩৫০, হান্টার ৩৫০, গোয়ান ক্লাসিক ৩৫০ এবং মিটিওর ৩৫০। যদিও বাইক ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যাবে, তবে ডেলিভারি এবং পরবর্তী পরিষেবাগুলো রয়্যাল এনফিল্ডের অনুমোদিত ডিলারশিপ থেকেই পাওয়া যাবে।
সম্প্রতি জিএসটি-র নতুন হার কার্যকর হওয়ায় রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি বাইকের দাম ২২ হাজার টাকা পর্যন্ত কমেছে। এই দাম কমার সুবিধা ফ্লিপকার্টের মাধ্যমেও গ্রাহকরা পাবেন বলে জানানো হয়েছে। রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন জানিয়েছেন, ফ্লিপকার্টের সঙ্গে এই পার্টনারশিপ তাদের ডিজিটাল গ্রাহকদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তিনি আরও জানান, খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করা হবে।