BigNews: নিজস্ব পার্কিং থাকলে তবেই কেনা যাবে গাড়ি, শিগ্রই আসছে নয়া নিয়ম

ইচ্ছে হলেই আর গাড়ি কেনা যাবে না। গাড়ি কেনার আগে ক্রেতাদের দেখাতে হবে তাদের গাড়ি রাখার নিজস্ব জায়গা আছে। যানজট ও পার্কিং সমস্যা কমাতে এমন কঠোর নিয়ম আনার পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার।
মঙ্গলবার রাজ্যের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনায়ক জানান, গাড়ি কেনার আগে ক্রেতাদের পার্কিং স্পেসের প্রমাণ দেখাতে হবে। এমন নিয়ম আনার চিন্তাভাবনা চলছে।
কেন এই নিয়ম?
মন্ত্রী এর ব্যাখ্যা দিয়ে বলেন, শহরে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক বেডরুমের ফ্ল্যাটে থাকা মানুষও ঋণ নিয়ে একাধিক গাড়ি কিনছেন এবং পার্কিং স্পেস না থাকায় গাড়ি রাস্তায় পার্ক করছেন। এতে সমস্যা আরও বাড়ছে এবং জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স বা দমকলের মতো গাড়ি ঢুকতেও অসুবিধা হচ্ছে।
মধ্যবিত্তদের গাড়ি কেনার অধিকার কি কেড়ে নেওয়া হচ্ছে?
এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার গরিব বা মধ্যবিত্তদের গাড়ি কেনার অধিকার কেড়ে নিচ্ছে না। তবে গাড়ি রাখার ব্যবস্থাও করতে হবে। পার্কিং স্পেস থাকলে তবেই গাড়ি কেনা যাবে। তিনি বলেন, অনেকে এই সিদ্ধান্তের প্রশংসা করবেন, আবার অনেকে নিন্দাও করবেন। কিন্তু যানজট নিয়ন্ত্রণে সরকারকে কিছু পদক্ষেপ নিতেই হবে।
পরবর্তী পদক্ষেপ:
মন্ত্রী আরও জানান, এই নীতি নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গণপরিবহনের উন্নতি:
যানজট কমাতে গণপরিবহনের উন্নতির উপরও জোর দেন মন্ত্রী। তিনি জানান, মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের ‘কেবল ট্যাক্সি সিস্টেম’ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার প্রশংসা খোদ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করিও করেছেন।