সেই নজরুল মঞ্চে আবার গাওয়া হলো কেকে-র ‘পল’, গাইলেন অনুপম রায়

কেকে মারা যাওয়ার পর আবার খুলল নজরুল মঞ্চের দরজা। পারফর্ম করলেন অনুপম রায়। মঞ্চে কেকে-র গান ‘পল’ গেয়ে প্রয়াত গায়ককে সম্মান জানালেন অনুপম।

৩১ মে কেকে মারা যাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার নজরুল মঞ্চ। অভিযোগ উঠছে, নজরুল মঞ্চের অব্যবস্থা, অতিরিক্ত ভিড় আর এসি ঠিক করে কাজ না করার কারণেই মারা গিয়েছেন কেকে। সেই নজরুল মঞ্চেই শুক্রবার শো করলেন অনুপম রায়।

মঞ্চে উঠে অন্যদিনের মতো হাস্যোজ্বল ছিলেন না অনুপম। শো শুরু করেন ‘আমি আজকাল ভাল আছি’ গান দিয়ে। গানের মাঝেই অনুপম শ্রদ্ধা জানান কেকে-কে। বলেন, ‘মনে পড়ে যাচ্ছে দু’দিন আগের রাত। যখন হাসপাতাল পৌঁছে শুনলাম উনি আর নেই। আমরা সেই শিল্পীর জন্য নীরবতা পালন করতে পারি কি?’ অডিটোরিয়ামে উপস্থিত সকল দর্শকই সমর্থন জানান অনুপমকে। স্টেজের পর্দায় ভেসে ওঠে কেকে-র ছবি।

এক মিনিট নীরবতা পালন করার পর অনুপম কেকে-র ‘পল’ গানটি গেয়ে সম্মান জানান প্রয়াত গায়ককে। আর সেসময়ে আবেগে ভেসে যায় পুরো নজরুল মঞ্চ।

৩০ ও ৩১ মে নজরুল মঞ্চে অনুষ্ঠান ছিল কেকে-র। ৩১ তারিখ অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন। হোটেলে পৌঁছে শরীর আরও খারাপ করলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *