মামা গোবিন্দার সঙ্গে ৭ বছরের ঝগড়া মেটাতে চান কৃষ্ণা অভিষেক, কি হয়েছিল তাদের মধ্যে?

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। অন্যদিকে কমেডিয়ান হিসেবে পরিচিত মুখ কৃষ্ণা অভিষেক। সম্পর্কে মামা-ভাগ্নে হন দুজনে। কিন্তু তাদের মধ্যেকার সম্পর্ক ভালো নয় প্রায় ৭ বছর ধরে।

তবে কৃষ্ণা চাইছেন অতীতের সব রাগ-অভিমান ভুলে এই ঝগড়া শেষ হোক। সম্প্রতি গোবিন্দকে ট্যাগ করে সামাজিক মাধ্যমে একটি নাচের ভিডিও প্রকাশ করেছেন কৃষ্ণা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই নাচ আমার নেশা ছিল। যখন সেটে আমার মামার সঙ্গে ঘুরতে যেতাম, তাকে নাচতে দেখতাম, অভিনয় করতে দেখতাম তখনই এটা আমার পছন্দ ছিল। আজও সেটে আমি এই একই জিনিস করতে পছন্দ করি।’

কৃষ্ণার ভাষ্য, ‘নাচের ভিডিওটি তার আবেগকে জাগিয়ে তুলেছে এবং ভাবতে বাধ্য করেছে যে, আমি মামার থেকে অনেক কিছু শিখেছি। উনি উত্তর দিক বা না দিক, আমি ভিডিওতে তাকে ট্যাগ করতে চেয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের এই ঝগড়া যেন এখানেই শেষ হয়। সময় পেরিয়ে যাচ্ছে, আমি চাই এবার সব মিটে যাক। মামাকে ভালোবাসি, যতোই মত বিরোধ হোক, আমার মতো করে পরিবারে কেউ তাকে সম্মান দেয়নি।’

কৃষ্ণা বলেন, ‘যেখানে ভালোবাসা, সেখানেই আসলে ঝগড়া হয়। অনেক হয়েছে এবার এটা এখনই শেষ হওয়া উচিত। আমি আমার মামীকেও ভালোবাসি। উনিও আমার জন্য অনেক কিছু করেছেন। উনি আমার কাছে মায়ের মতো। সন্তানের কথা খারাপ লাগলে মা তো রেগে যান। আমি শুধু তার সঙ্গে দেখাই করতে চাই না, রাগও ভাঙাতে চাই।’

গোবিন্দর সঙ্গে কি তার দেখা হয়েছে? এ প্রশ্নে কৃষ্ণা অভিষেক বলেন, ‘আমরা দুজনেই ব্যস্ত, তাই দেখা হয়নি। শেষবার দেখা হয়েছিল ৪-৫ বছর আগে দুবাইতে। তখন সেই দৃশ্য এক্কেবারে সিনেমার মতোই ছিল। একটা শপিং মলে তাকে দেখে আমি চিৎকার করে উঠি। উনি খুশি হয়ে বলেন, আরে এই তো আমার ছেলেটা…। সামনে দেখা হলে আমাদের মধ্যে আর ঝগড়া থাকে না।’

সাত বছর আগে কৃষ্ণা অভিযোগ করেছিলেন, তার সন্তান জন্মের পর মামা গোবিন্দ বা মামী সুনিতা কেউই তাদের দেখতে যাননি। এরপর গোবিন্দা ভাগ্নেকে মিথ্যাবাদী বলেছিলেন। গোবিন্দার স্ত্রী সুনীতা অভিযোগ করে বলেন, কৃষ্ণা তার মামার হাত ধরেই ক্যারিয়ার গড়েছেন। অথচ পিছনে তাদের বিরুদ্ধে নানা কথা বলে বেড়ান। এরপরই মামা-ভাগ্নের সম্পর্ক ক্রমশ অবনতি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *