OMG: পাত্রপক্ষ ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে দিলেন কনে, বউ না নিয়েই বাড়ি ফিরে গেলেন বর

পাত্রপক্ষ ফটোগ্রাফার নিয়ে না আসার কারণে বিয়ে ভাঙার ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন বিয়ের কনে। পাত্রপক্ষ ফটোগ্রাফার সঙ্গে নিয়ে না আসায় বেজায় চটে যান কনে। একপর্যায়ে তিনি বিয়ের আসর ছেড়ে পাশের বাড়ি চলে যান। শেষ পর্যন্ত তাকে আর বিয়ের আসরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি।

গত সপ্তাহে কানপুরের দেহাত জেলায় মঙ্গলপুর থানার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। ভোগনিপুরের এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল ওই গ্রামের তরুণীর সঙ্গে।

সামর্থ্যের সবটুকু দিয়ে সুন্দরভাবে ছাদনাতলা সাজিয়ে দিয়েছিলেন কনের কৃষক পিতা। বর এবং বরযাত্রীদের আপ্যায়নের সব ব্যবস্থাও করা হয়েছিল। এককথায়, চার হাত এক হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ছাদনাতলায় বর-কনে হাজির হওয়ার পরেও মালাবদল হলো না, বরং বিয়ের আসর ছেড়েই চলে গেলেন কনে।

কারণ, বিয়ের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য কোনো ফটোগ্রাফার আনেনি পাত্রপক্ষ। জীবনের এমন বিশেষ একটি দিনে কনে সাজের ছবি উঠবে না, তা মেনে নিতে পারেননি ওই তরুণী। ফলে ছাদনাতলা থেকে বেরিয়ে সোজা প্রতিবেশীর বাড়ি চলে যান তিনি।

এরপর সবাই মিলে অনেক চেষ্টা করেও তাকে আর বিয়েতে রাজি করানো যায়নি। কনের যুক্তি, যে ছেলে নিজের বিয়েকেই বিশেষ গুরুত্ব দেয় না, সে ভবিষ্যতে কীভাবে আমার খেয়াল রাখবে!

ঘটনা গড়ায় থানা পর্যন্ত। তবে দুই পক্ষ মিটমাট করে বিষয়টা মিটিয়ে নেওয়ায় মামলা-মোকদ্দমা হয়নি।

মঙ্গলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দরি লাল জানান, বিষয়টি পারস্পরিকভাবে মীমাংসা করা হয়েছে। দুই পক্ষ একে অপরকে দেওয়া মালামাল ও নগদ অর্থ ফেরত দিয়েছে। এরপর বউ না নিয়েই বাড়ি ফিরে গেছেন বর।

বিয়ে ভাঙার কারণ হিসেবে তিনি বলেন, পাত্রপক্ষ ফটোগ্রাফারের ব্যবস্থা না করায় মেয়েটি রেগে যায় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *