হঠাৎ পাকিস্তানে জ্যাক মা, শুরু হয়েছে নানান গুঞ্জন

চীন ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি জ্যাক মা হঠাৎ করে পাকিস্তানে গিয়েছিলেন। তার এ সফরের পর দেশটিতে নানান গুঞ্জন উঠেছে।

পাকিস্তানের বোর্ড অব ইনভেস্টমেন্টের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আজফার আহসান সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের কাছে জ্যাক মার সফরের বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানিয়েছেন, জ্যাক গত ২৯ জুন লাহোরে আসেন এবং ২৩ ঘণ্টা অবস্থান করেন।

তবে তিনি দাবি করেছেন, এটি চীনের ধনকুবেরের একেবারে ব্যক্তিগত সফর ছিল। জ্যাক মা তার এ সফরে পাক সরকারের কর্মকর্তা এবং মিডিয়ার সঙ্গে কোনো ধরনের বৈঠক বা কথাবার্তা বলেননি। তিনি লাহোরে একটি গোপন স্থানে ছিলেন। এরপর গত ৩০ জুন জেট এভিয়েশেনের একটি ব্যক্তিগত বিমানে করে পাকিস্তান ছাড়েন। এ বিমানটি ভিপি-সিএমএ-এর নামের রেজিস্ট্রেশন করা।

জ্যাকের সফরের পুরো বিষয়টি গোপন রাখা হলেও আজফার আহসান জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে এ সফরের ইতিবাচক কিছু ফলাফল পাওয়া যাবে।

জ্যাক মার সঙ্গে পাকিস্তানে আরও সাতজন ব্যবসায়ীও গিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচজন চীনের। আর দু’জনের একজন ডেনমার্কের; অপরজন যুক্তরাষ্ট্রের। তারা হংকংয়ের বিজনেজ এভিয়েশন সেক্টর থেকে নেপাল হয়ে ব্যক্তিগত বিমানে পাকিস্তানে আসেন। এর আগে স্বল্প সময়ের জন্য তিনি বাংলাদেশেও এসেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছে, পাকিস্তানে বিনিয়োগ করা যায় কিনা সেটি দেখতে এসেছিলেন জ্যাক মা ও তার প্রতিনিধি দলের সদস্যরা। জ্যাকসহ অন্যান্যরা দেশটির বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো পরিদর্শন ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন।

তবে জ্যাক মার এ সফরটি এতটাই গোপনীয় ছিল যে, চীনের দূতাবাসও এ সম্পর্কে পুরোপুরি জানত না বলে জানিয়েছেন আজফার আহসান।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *