রণবীর ভক্তদের জন্য দুঃসংবাদ! পিছিয়ে গেলো ‘অ্যানিমাল’ মুক্তির তারিখ

বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমাল’। ১১ আগস্ট ছবিটি মুক্তির কথা থাকলেও তা পেছানো হয়েছে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটি মুক্তির জন্য ১ ডিসেম্বর নতুন দিন ঠিক করা হয়েছে।

সোমবার ছবির নির্মাতারা মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফিল্ম সমালোচক তরণ আদর্শ জানান, রণবীর কাপুর ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা: ‘অ্যানিম্যাল’ আসছে ১ ডিসেম্বর… নতুন মুক্তির তারিখ পেল এই ছবি।

এ বিষয়ে পরিচালক সন্দীপ রেড্ডি বলেন, ১১ অগাস্টে ছবির মুক্তি না করানোর একমাত্র কারণ গুণগত মান। উদাহরণ হিসেবে, ছবিতে সাতটি গান রয়েছে এবং সেই সাতটা গানকে পাঁচটি ভাষায় গুণ করলে সংখ্যাটা দাঁড়ায় ৩৫-এ। ৩৫টি গান, বিভিন্ন ধরনের গীতিকার, ভিন্ন গায়ক গায়িকার দল, সবমিলিয়ে যেমন ভেবেছিলাম তার থেকে খানিক বেশি সময় লাগবে।

তিনি বলেন, হিন্দিতে যেমন গুণগত মানে পৌঁছেছি, বাকি ভাষার ক্ষেত্রেও আমি তেমনটাই চাই। মুক্তির পর যেন হিন্দি ডাবিং করা তামিল ছবি বা হিন্দি ডাবিং করা তেলুগু ছবির মতো না মনে হয়। সেই কারণেই আমরা সময় নিচ্ছি। এবং এর পিছনে অন্য কোনও কারণ নেই। আপনাদের শুধু এই কথাই দিতে পারি যে ১ ডিসেম্বর আমরা শ্রেষ্ঠ জিনিসটা নিয়ে আসছি।

সন্দীপ রেড্ডির পরিচালনায় এই ছবিতে জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও রাশমিকা মানডানা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববি দেওল, অনিল কাপুরকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটির মুক্তির তারিখ পেছানোর পেছনে আরও চারটি কারণ রয়েছে। প্রথমত, রণবীরের ছবির সঙ্গে একই দিনে ‘গদর ২’ ছবিটির মুক্তি ঘোষণা করেছেন ওই ছবির নির্মাতারা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এবং সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবিটি সেই সময়ে বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। তাই এই ছবির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশা থাকা স্বাভাবিক। একই দিনে প্রতিযোগিতা এড়াতেই নাকি রণবীর অভিনীত ছবিটির মুক্তি পেছাতে চাইছেন প্রযোজক ভূষণ কুমার।

দ্বিতীয়ত, একই দিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড ২’, ২০১২ সালের বক্স অফিস সফল ছবির সিক্যুয়েল। মূল ছবিতে অক্ষয় ও পরেশ রাওয়ালের অভিনয় এখনো দর্শকদের মনে রয়েছে। তাই একই দিনে একাধিক ‘বড়’ ছবির সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই নাকি পিছিয়ে যাচ্ছে ‘অ্যানিমাল’।

তৃতীয়ত, একই দিনে সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে তামিল ছবি ‘জেলার’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। ময়দানে রজনীকান্ত নামলে প্রতিপক্ষ একটু হলেও যে সাবধানি পা ফেলতে চাইবে, সে কথা বলাই যায়। তাই অক্ষয়, সানি এবং রজনী— তিন সুপারস্টারের সঙ্গে লড়াইতে ঠিক পেরে উঠবেন না রণবীর, ইন্ডাস্ট্রির গুঞ্জন সেদিকেই ইঙ্গিত করছে।

চতুর্থত, ‘অ্যানিমাল’ ছবিতে উন্নত ভিএফএক্স ব্যবহার করা হচ্ছে। ইন্ডাস্ট্রির একটি সূত্র বলছে, সময় মতো সেই কাজ শেষ হবে না বলেই ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *