কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির পাঁচিল, তদন্তে নামল পুলিশ

কংগ্রেস কর্মীর বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দেওয়াল। এ ঘটনায় রোববার বিকেলে সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে সামশেরগঞ্জ থানা পুলিশের একটি বড় দল এসে বাড়িটি ঘেরাও করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যদিও ঘটনার পর থেকে কংগ্রেস সদস্য জাহাঙ্গীর সেখ পলাতক রয়েছেন। বাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ। পুরো এলাকায় বিশাল পুলিশ বাহিনী ছড়িয়ে পড়েছে। সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়েছে।
কংগ্রেস কর্মী জাহাঙ্গীর সেখের স্ত্রী রেজিনা বিবি বলেন, ‘‘আমার ভাই কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে। আমরা ভাইয়ের সমর্থনে ভোটের প্রচার করছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে চক্রান্ত করেই আমাদের বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। আমারা ভোটের প্রচারে বেরিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না সেই সময় বোমা বিস্ফোরণ হয়।’’
অন্যদিকে, রেজিনগরে সকেট বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা আবারও শুরু হয়েছে। রবিবার রেজিনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝিকড়া বাসন্তীতলার একটি বাগানে অভিযান চালায়। সেখান থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। খবর পেয়ে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। কে এই বাগানে বোমা রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা অশোক মণ্ডল বলেছেন, “আমরা খুব ভয় পাচ্ছি।” বাচ্চারা বাগানে খেলাধুলার জন্য যায়। যে কোনও সময়ে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারত। আমাদের পুলিশি নিরাপত্তা দরকার।”