বিয়েতে মালাবদলের আগেই চাইলেন যৌতুক, পাত্রকে গাছে বেঁধে রাখল পাত্রীপক্ষ

বিয়ের অনুষ্ঠান বদলে গেল রণক্ষেত্রে। মালাবদলের আগেই যৌতুক চেয়ে বসেন পাত্র। আর তাতেই মেজাজ হারান পাত্রীপক্ষ। কেন যৌতুক চাওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে তার পরই পাত্রকে ধরে গাছে বেঁধে রাখলেন তারা।
গত বুধবার (১৪ জুন) ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পাত্রের নাম অমরজিৎ বর্মা। অভিযোগ, মালাবদলের ঠিক আগেই তিনি পাত্রীপক্ষের কাছে পণের দাবি করেন। শুধু তাই-ই নয়, হুঁশিয়ারি দেন, যৌতুক না দিলে বিয়ে করবেন না। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলে পাত্রীপক্ষ। বিয়ের মঞ্চেই দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়।

অভিযোগ, এর পরই পাত্রীর বাড়ির লোকেরা অমরজিৎ এবং তার আত্মীয়স্বজনদের আটকে রেখে দেন। তারপর পাত্র অমরজিৎকেও দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধেন। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

তবে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝামেলার সূত্রপাত সেলফি তোলাকে কেন্দ্র করে। পাত্রীর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন অমরজিতের বন্ধুরা। কিন্তু পাত্রী তাতে সায় দেননি। অভিযোগ, এরপরই পাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন অমরজিতের বন্ধুরা।

মালাবদলের আগে এই ঘটনায় এমনিতেই পরিবেশ উত্তপ্ত ছিল, তার উপর অমরজিৎ পণের দাবি করে বসায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপরই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পাত্রীপক্ষের হাত থেকে পাত্র অমরজিৎকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *