রাক্ষুসে ঢেউয়ের সঙ্গে ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা, কোথায় আছড়ে পড়বে বিপর্যয়, জেনেনিন বিস্তারিত

উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় উপকূলের দিকে তীব্র গতিতে এগোচ্ছে। এখন স্থলভাগের আরো কাছাকাছি পৌঁছেছে এটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের কচ্ছ এবং জামনগরে তাণ্ডব চালাতে পারে বলে ধারণা করছে ভারতের আবহাওয়াবিদরা। এ সময় সামুদ্রিক ঢেউয়ের উচ্চতা ৬ মিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে৷
বুধবার এ অবস্থায় গুজরাটের দুটি উপকূলীয় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। উপকূলীয় অংশ থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষকে৷
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার৷ কখনো কখনো তা পৌঁছতে পারে ১৫০ কিলোমিটারেও৷ ফলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷
ঝড়ের ক্ষতি মোকাবিলায় গুজরাটের উপকূলীয় এলাকাগুলো থেকে অন্তত ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য ঝড় আক্রান্ত এলাকাগুলো দিয়ে যাতায়াতকারী অন্তত ৯৫টি ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে।