পাইলটের ফোনেই সন্ধান মিলল সেই নিখোঁজ বিমানের, চলছে উদ্ধার অভিযান

২২ জন আরোহী নিয়ে রোববার বিধ্বস্ত হওয়া নেপালের সেই বিমানটির সন্ধান মিলেছে পাইলটের ফোনের জিপিএস লোকেশন ট্রাক করে। বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিমানটি ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরে চালাচ্ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক প্রেম নাথ ঠাকুরের বরাত দিয়ে নেপালের মাইরিপাবলিকা নিউজ পোর্টাল জানিয়েছে, নিখোঁজ বিমানের ক্যাপ্টেন ঘিমিরের সেল ফোন বাজছিল। নেপাল টেলিকম থেকে ক্যাপ্টেনের ফোন ট্র্যাক করার পর নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার সম্ভাব্য দুর্ঘটনার এলাকায় অবতরণ করেছে।

নেপালের বেসরকারি তারা এয়ারলাইন্সের বিমানটি পোখরা থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে নিখোঁজ হয়।

বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে চার ভারতীয় রয়েছেন।

নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে স্থায়ীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানটির নেপালের পশ্চিমাঞ্চলীয় পার্তব্য শহর জমসম বিমানবন্দরে ১০টা ১৫ মিনিটে অবতরণের কথা ছিল।

পোখরার প্রধান জেলা কর্মকর্তা নেত্র প্রাসাদ শর্মা বলেন, বিমানটির সঙ্গে সবশেষ মাসতাং জেলা পর্যন্ত যোগাযোগ ছিল।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, মানপাথি হিমালের পাদদেশে লামচে নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রেম নাথ ঠাকুর মাইরিপাবলিকাকে বলেন, নেপালের সেনাবাহিনীর ১০ সদস্য ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের দুই কর্মকর্তা নরশাং মঠের কাছে লামচে নদীর তীরে সম্ভব্য দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারে অবতরণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *