ফিলিপিন্সে সাগরে নৌকা ও জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ৭ জেলে

ফিলিপিন্সে সাগরে মাছ ধরার নৌকা ও মালবাহী জাহাজের সংঘর্ষে সাত জেলে নিখোঁজ হয়েছে। রোববার উদ্ধারকারীরা তাদের সন্ধানে তল্লাশি চালায়।

ফিলিপিন্সের উপকূলরক্ষীরা জানায়, শনিবার পালোয়ান দ্বীপের পূর্বে মাছ ধরা নৌকা ও এমভি হ্যাপী হিরো জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মাছ ধরার নৌকাটি উল্টে সুলু সাগরে ডুবে যায়।

উপকূলরক্ষীদের মুখপাত্র কমোডোর আরমান্দো বালিলো এ কথা জানান।

নৌকার ২০ ক্রুর মধ্যে ১৩ জনকে অন্য নৌকার সাহায্যে জল থেকে তুলে জাহাজে নেওয়া হয়। নিখোঁজ বাকি সাতজনকে উদ্ধারে তল্লাশি চলছে।

সাত হাজারেরও বেশি দ্বীপের দেশ ফিলিপিন্সে সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড খুবই নিম্ন মানের।

গত সোমবার একটি ফেরিতে আগুন লেগে সাত জনের প্রাণহানি ঘটে এবং ১২৭ জনকে উদ্ধার করা হয়।