ভাইয়ের সঙ্গে ঝগড়া ও হাতাহাতি, রাগে মোবাইল গিলে ফেললেন তরুণী

মোবাইল ফোন কার কাছে থাকবে, তা নিয়ে নিত্য দিন অশান্তি হত ভাইবোনের। কিন্তু বুধবার সেই অশান্তি হাতাহাতিতে পৌঁছয়। তখনই রাগের বশে মোবাইল গিলে ফেলেন এক তরুণী।
সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়।পুলিশ সূত্রে খবর, বছর আঠারোর ওই তরুণীর কাছে মোবাইল ফোনটি থাকত। কিন্তু সেটি তার ভাই ব্যবহার করতে শুরু করায় ঝামেলার সূত্রপাত। ভাইকে একাধিক বার ফোন ধরতে নিষেধ করেছিলেন। কিন্তু তার পরেও সে একই কাজ করে যাচ্ছিল। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কাথা কাটাকাটিও হত প্রায়ই। কিন্তু মোবাইলের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে সেটি গিলে ফেলবেন, তা কল্পনা করেননি কেউই। এমনটাই জানিয়েছেন তরুণীর পরিবারের সদস্যরা।
তরুণী রাগের বশে মোবাইল গিলে ফেলেছিলেন ঠিকই, কিন্তু সে কথা বাড়ির বড়দের কাছে লুকিয়ে গিয়েছিলেন। মোবাইল গিলে ফেলার কয়েক ঘণ্টা পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তখনও তার বাড়ির লোকেরা জানতেন না মেয়ে কী কাণ্ড ঘটিয়ে ফেলেছে। যন্ত্রণা বাড়তে থাকায় তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ব্যথার কারণ খতিয়ে দেখার জন্য ইউএসজি করতেই আঁতকে ওঠেন।
তারা দেখেন, তরুণীর পাকস্থলীতে কিছু একটা জিনিস আটকে রয়েছে। ভাল ভাবে পরীক্ষা করার পর জানতে পারেন যে, ওই জিনিসটি আসলে একটি মোবাইল ফোন। তার পরই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা। দু’ঘণ্টার অস্ত্রোপচারের পর সেই মোবাইল বার করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বিস্ময় প্রকাশ করে বলেছেন, মানুষের গলা দিয়ে এত বড় জিনিস পেটে পৌঁছনোর ঘটনা এই প্রথম। তবে সফলভাবে অস্ত্রোপচার করায় মেয়েটির জীবন রক্ষা পেয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার