LayOff 2023: ৯০০০ কর্মী ছাঁটাই করবে আমাজন, ফের চাকরি হারানোর আশংকায় কর্মীরা

তথ্যপ্রযুক্তি খাতে একের পর এক কর্মী ছাঁটাই চলছেই। আবার কর্মী সঙ্কোচনের পথে হাঁটল আমাজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো নয় হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। সোমবার এই কথা ঘোষণা করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল আমাজন । গত জানুয়ারি মাসে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ঐ সংস্থা। এর ফলে চাকরি হারান অ্যামাজ়নের অনেক কর্মী।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল। বিশ্ব জুড়ে প্রায় ছয় হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক্সাসের এই বহুজাতিক সংস্থা। ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোও।

এর আগে গত নভেম্বরে ছয় হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় চার হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাই করা হয়েছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটে। একসঙ্গে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই। অতীতে ফেসবুক, টুইটারও একই পথ অনুসরণ করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *