BigNews: সিকিমে ভারী তুষারপাত, আটকা পড়েছে অসংখ্য পর্যটক, উদ্ধারে নামলো সেনাবাহিনী

সিকিমে হঠাৎ করে প্রবল তুষারপাতে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে সেদেশের সেনাবাহিনী। খবর- দ্য ওয়াল।
দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, প্রায় হাজারের কাছাকাছি পর্যটক আটকে পড়েছিলেন সেখানে। এর মধ্যে অনেককেই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

শনিবার রাতে সিকিমের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, নাথুলা ও ছাঙ্গু থেকে যাতায়াতের রাস্তায় তুষারপাতের কারণে একশোরও বেশি গাড়ি আটকে পড়ে। বরফ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়।

তিনি জানান, রাত ১০টার মধ্যে ১৪-১৫টি পর্যটকবোঝাই গাড়িকে ঐ অবস্থা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে অনেককেই নিকটবর্তী সেনা ছাউনিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই খাবারের ব্যবস্থাও করে সেনাবাহিনী।

খবরে বলা হয়েছে, শনিবার বিকেল থেকে পূর্ব সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। সূর্যাস্তের পর হঠাৎই শুরু হয় প্রবল তুষারপাত। এর জেরে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকে পড়েন পর্যটকরা। পাহাড়ি রাস্তার মধ্যেই দীর্ঘক্ষণ আটকেছিলেন তারা।

জানা গেছে, ১৫ মাইল এলাকায় কমপক্ষে ১১৩টি গাড়ি দাঁড়িয়েছিল। সেখানে হাজারের কাছাকাছি পর্যটক ছিল। এরপর খবর পেয়েই উদ্ধারে নামে সেনাবাহিনী। অধিকাংশ মানুষকেই রাত ১২টার মধ্যে সরানো সম্ভব হয়। তাদেরকে ১৫ মাইল এলাকা থেকে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে শহরে ফিরিয়ে আনা হয়। এরপরও আরো অনেক পর্যটক সেখানে আটকা ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *