৬০০ টাকা ধার থেকে হাজার কোটি! পিৎজা হাটের ড্যান কার্নির জীবনাবসান

মাত্র ৬০০ ডলার ধার করে পিৎজা হাটের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড তৈরি করা ড্যান কার্নি আর নেই। গত ১৩ নভেম্বর ৯৫ বছর বয়সে উইচিটার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ফুসফুসের সমস্যা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

১৯৫৮ সালে মায়ের কাছ থেকে ৬০০ ডলার ধার নিয়ে কানসাসে পিৎজার দোকান খুলেছিলেন ড্যান। তখন তাঁর বয়স মাত্র ২৬ বছর। সঙ্গী ছিলেন ২০ বছরের ভাই ফ্র্যাঙ্ক। রেস্তোরাঁ চালানোর কোনো অভিজ্ঞতা না থাকলেও বাবার মুদির দোকান সামলানোর অভিজ্ঞতা নিয়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়েন দুই ভাই।

শুরুতে লোকমুখে প্রচারই ছিল ভরসা। ছাত্রছাত্রীদের ফ্রিতে পিৎজা বিলিও করেছেন। ‘পিৎজা হাট’ নামকরণের পিছনেও মজার গল্প আছে। সাইনবোর্ডে আটটি অক্ষর ধরার মতো জায়গা ছিল, তাই দুই ভাই লিখে দিলেন ‘Pizza Hut’।

ব্যবসার শুরুতেই ফ্র্যাঞ্চাইজি মডেল কাজে লাগান ড্যান। মাত্র এক বছরের মধ্যে ফুলে-ফেঁপে ওঠে পিৎজা হাট। ১৯৬৮ সালে ক্যানাডার উইনিপেগে প্রথম আন্তর্জাতিক আউটলেট খোলা হয়। এরপর মেক্সিকো, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, নেদারল্যান্ডসসহ একের পর এক দেশে ছড়িয়ে পড়ে পিৎজা হাট।

ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির জন্য সব রেস্তোরাঁর ছাদে লাল রঙ করে দিয়েছিলেন দুই ভাই। লোকে দূর থেকেই ওই লাল ছাদ দেখে চিনে যেতেন এটি পিৎজা হাট। ১৯৮০-র দশকে মেনুতে আনা হয় ‘প্যান পিৎজা’ ও ‘স্টাফড ক্রাস্ট’।

১৯৭৭ সালে ৩০০ কোটি টাকায় পিৎজা হাট কিনে নেয় পেপসিকো। তবে ব্যবসায় ভাটা পড়েনি। গত বছর (২০২৫) পিৎজা হাট ১,১০,০০০ কোটি টাকার ব্যবসা করেছে।

সাম্রাজ্য বিক্রি করলেও অবসর নেননি ড্যান। নতুন উদ্যমে শুরু করেছিলেন ‘গেইলিক ম্যানেজমেন্ট’ নামে একটি ইনভেস্টমেন্ট কোম্পানি। ছোট ছোট ব্যবসায় বিনিয়োগও করেছেন।

ড্যান চলে গেলেও তাঁর সেই লাল ছাদ রয়ে গেছে। মানুষ এখনও দূর থেকেই চিনে যায়, ‘ওই তো পিৎজা হাট।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *