‘আগে জীবনে অনেক রবিবার ছিল, এখন সোমবার উপভোগ করি’—কপিলের শোয়ে মনোজ বাজপেয়ীর অকপট স্বীকারোক্তি

বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘গজব রাত’-এ দর্শকের নজর কাড়ার পর এবার কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ এসে নিজের ব্যক্তিগত জীবন ও কাজের প্রতি নিষ্ঠা নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। অভিনেতা আশুতোষ রানার সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়ে জানালেন, স্ত্রী ও মেয়ের কথা সত্ত্বেও কেন তিনি কাজে ডুবে থাকেন।

‘আরাম পরে করব, এখন সোমবার উপভোগ করি’

কপিল শর্মার শোয়ে পরপর প্রজেক্টে কাজ করা এবং হাতে থাকা একাধিক কাজ নিয়ে প্রশ্ন করা হলে মনোজ বাজপেয়ী জানান, সময়ের সঙ্গে তাঁর কাজের ধরন ও দৃষ্টিভঙ্গি বদলেছে। তাঁর কথায়, “একটা সময় যখন বিশ্রাম করতে চাইনি, বাধ্য হয়ে বিশ্রাম করতে হয়েছে। এখন যখন কাজ আসছে, আমি কাজ করছি। আরাম পরে করব। আগে জীবনে অনেক রবিবার ছিল, এখন আমি সোমবারকেই বেশি উপভোগ করি।”

স্ত্রীর তাগিদ ও মনোজের যুক্তি

পরিবার ও মেয়ে আভাকে আরও সময় দেওয়ার জন্য স্ত্রী যে বারবার তাগিদ দেন, সে কথাও অকপটে জানান মনোজ। তবে স্ত্রীর সেই কথায় সেভাবে গুরুত্ব দেন না বলেই জানিয়েছেন অভিনেতা। এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমায় অনেক মানুষই বলেন আমার বিরতি নেওয়া উচিত। বাড়িতে কিছুটা সময় দেওয়া উচিত। কিন্তু আমি সবসময় মনে করি আগে যখন আমি বাড়ি থাকতাম, আমার স্ত্রীই বলত বাইরে গিয়ে কাজ খোঁজার জন্য। আর এখন ও আমায় পরিবারকে সময় দেওয়ার কথা বলে, বলে মেয়েকে যেন সময় দিই, ও বড় হচ্ছে। আমি উত্তরে বলি, ভাল তো ও বাবাকে কাজ করতে দেখে বড় হচ্ছে।”

মেয়ে আভা ও তাঁর পছন্দ-অপছন্দ

অনুষ্ঠানে মনোজ বাজপেয়ী জানান, তাঁর মেয়ে আভার বয়স এখন ১৫ এবং সেই তাঁর জীবনের সবথেকে বড় সমালোচক। পাশাপাশি তিনি এও জানান যে আভা হিন্দি ছবির তুলনায় হলিউডের সিনেমা দেখতেই বেশি পছন্দ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *