মথুরায় গিরিরাজ জির পরিক্রমায় অনন্ত আম্বানি! দণ্ডবত পরিক্রমার ইচ্ছাপূরণ

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী অধিকর্তা অনন্ত আম্বানি শুক্রবার মথুরার গোবর্ধন এলাকার জতিপুরায় গিরিরাজ জি মুখারবিন্দ মন্দিরে পূজার্চনা ও পরিক্রমা করেছেন। মথুরার দ্বারকেশ সংস্কৃত বিদ্যালয়ের অধ্যক্ষ সহদেব কৃষ্ণ চতুর্বেদী জানান যে অনন্ত আম্বানি মন্দিরে গিরিরাজ জির পূজা করেন এবং সেখানে তাঁকে একটি ঐতিহ্যবাহী উত্তরীয় উপহার দেওয়া হয়।

সাংবাদিকদের অনন্ত জানান যে এখানে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এটি ভগবান শ্রীনাথজির জন্মস্থান উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছা ছিল গিরিরাজ জির সম্পূর্ণ পরিক্রমা করার এবং ভগবানের চরণে দণ্ডবত পরিক্রমা করার, আর এজন্য তিনি ব্রজবাসীদের অসংখ্য ধন্যবাদ জানান।

গোবর্ধন পরিক্রমা ও পূজার্চনার সময় অনন্ত আম্বানিকে সম্পূর্ণ কৃষ্ণভক্তিতে মগ্ন দেখা যায়। রাতের বেলায় মন্দির চত্বর ও পরিক্রমা পথের কাছে বিপুল ভিড়ের মাঝে সাধারণ ভক্তদের সঙ্গে হাত ওপরে তুলে হরে রাম হরে কৃষ্ণ এবং রাধে-রাধে ধ্বনি দেন তিনি। গেরুয়া রঙের ঐতিহ্যবাহী পোশাক পরা অনন্ত নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও অত্যন্ত সহজভাবে ভক্তদের সঙ্গে হাততালি দিয়ে কীর্তনের সুরে মেতে ওঠেন।

তাঁর ঠাকুরদা ধীরুভাই আম্বানি এবং ঠাকুরমা কোকিলাবেন আম্বানির পূর্ববর্তী ধর্মীয় যাত্রার প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অনন্ত আম্বানি পরিবারের সংস্কারের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে আজ তাঁরা যা কিছু, তা তাঁর ঠাকুরদা ও ঠাকুরমার জন্যই এবং এটি তাঁদেরই আশীর্বাদ, স্নেহ ও পথনির্দেশের ফল। ঠাকুরমা কোকিলাবেন জিকে যখন তিনি জানিয়েছিলেন যে সম্পূর্ণ পরিক্রমা করতে আসছেন, তখন তিনি ভীষণ খুশি হয়েছিলেন এবং তাঁর পক্ষ থেকেও এদিন ভগবানের পূজার্চনা করেছেন বলে জানান অনন্ত।

গোবর্ধন ও ব্রজভূমির আধ্যাত্মিক পরিবেশের প্রশংসা করে অনন্ত আরও বলেন যে এখানে তিনি যে দিব্য শক্তির অনুভূতি পেয়েছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর মতে, মন্দির চত্বরে ভক্তি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব পরিবেশ রয়েছে, যেখানে দর্শনের সময় মনে হচ্ছিল যেন স্বয়ং শ্রীনাথজি সেখানে সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *