গুরুদাসপুরে নিশান সাহিব সরানোর অভিযোগ! তদন্তের নির্দেশ দিল এনএইচআরসি

পঞ্জাবের গুরুদাসপুর জেলায় শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক নিশান সাহিব সরিয়ে নেওয়ার ঘটনায় হস্তক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি। কমিশন পঞ্জাবের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশক বা ডিজিপিকে ঘটনার তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট বা এটিআর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এনএইচআরসির সদস্য প্রিয়ঙ্ক কানুনগোর নেতৃত্বাধীন বেঞ্চ কাদিয়ানের ডল্লামোর গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা সংক্রান্ত অভিযোগের শুনানি করে এই নির্দেশ জারি করে। অভিযোগ অনুযায়ী, এক স্থানীয় কৃষক গুরুদুয়ারার লঙ্গর হল নির্মাণের জন্য নিজের ১০ মারলা ব্যক্তিগত জমি দান করেছিলেন, এবং এর পরেই শিখ সংগত শিখ রীতি ও গুরমত মর্যাদা মেনে সেখানে নিশান সাহিব স্থাপন করে।

অভিযোগ উঠেছে যে পরবর্তী সময়ে বিরোধী গোষ্ঠীর কয়েকজন ব্যক্তি রাজনৈতিক মহলের মদত এবং সরকারি পরিকাঠামোর কথিত অপব্যবহার করে নিশান সাহিব সরিয়ে দেন, যার ফলে শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। কমিশন জানিয়েছে যে অভিযোগে তোলা বিষয়গুলি প্রাথমিক ভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে, এবং সেই ভিত্তিতেই মানবাধিকার সংরক্ষণ আইন, ১৯৯৩-এর ১২ নম্বর ধারার অধীনে বিষয়টি আমলে নিয়েছে কমিশন।

নিশান সাহিব সরানোর অনুমতি কোন উপযুক্ত আধিকারিক দিয়েছিলেন, তা পঞ্জাব সরকারের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে কমিশন। আধিকারিকদের সংশ্লিষ্ট নির্দেশ বা আবেদনের সত্যায়িত প্রতিলিপি জমা দিতে বলা হয়েছে। যদি এ ধরনের কোনো নির্দেশ জারি না হয়ে থাকে, তবে নিশান সাহিব সরাতে সরকারি পরিকাঠামো কী ভিত্তিতে ব্যবহার করা হয়েছে এবং এ বিষয়ে এখনও পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে হবে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়বদ্ধতা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে এনএইচআরসি। পাশাপাশি ধর্মীয় প্রতীক, ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের স্বাধীনতার প্রতি সম্মান নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *