আরও ৬৩টি হলে বাড়ল ‘সাধক বামাক্ষ্যাপা’র শো! মুখ্যমন্ত্রীর নির্দেশে বড় স্বস্তি বাংলা ছবির

হিন্দি ছবির দাপটে বাংলা ছবিকে নিজের রাজ্যেই প্রাইম টাইমে শো না পাওয়ার সমস্যায় পড়তে হয় বহুদিন ধরেই। কখনও শাহরুখ খানের ছবি, কখনও প্যান ইন্ডিয়া দক্ষিণী ছবি কিংবা বড় বাজেটের হিন্দি বা হলিউড ছবির চাপে প্রাইম টাইম থেকে বাদ পড়ত বাংলা সিনেমা। প্রতিবাদ ও সুর চড়ানো হলেও বাস্তবে বদল আসেনি সেভাবে, এমনকী অতীতে নিয়ম এলেও হল মালিকদের একাংশ তা মানেননি বলে অভিযোগ। তবে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির ক্ষেত্রে সেই পরিস্থিতি তৈরি হতেই নড়েচড়ে বসে টলিউড।

রাজশ্রী প্রোডাকশন ও যশরাজ ফিল্মস পরিবেশিত একটি হিন্দি ছবির কারণে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো কমানোর প্রসঙ্গ উঠতেই ছবিটি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এসভিএফ। এই ঘটনায় প্রশ্ন ওঠে, বাংলার নিজস্ব লৌকিক-অলৌকিক গাথা বা আধ্যাত্মিক সিনেমা কেন নিজেদের মাটিতে জায়গা পাবে না। জটিলতা বাড়তেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া অবস্থান নিয়ে হল মালিকদের নির্দেশ দেওয়া হয়, প্রাইম টাইমে ‘সাধক বামাক্ষ্যাপা’সহ প্রতিটি বাংলা ছবিকে শো দেওয়া বাধ্যতামূলক। এবার এই ছবির জন্য আরও একটি ইতিবাচক খবর সামনে এল।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে আরও ৬৩টি প্রেক্ষাগৃহে বাড়ানো হল ‘সাধক বামাক্ষ্যাপা’র শো। কলকাতা ও শহরতলীর একাধিক সিনেমা হলে এই ছবির শো যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে নামী সিঙ্গলস্ক্রিন এবং মাল্টিপ্লেক্সও। গত ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ওই ছবির কারণেই শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’কে হল থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন হল মালিকরা। কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্যের আরও ৬৩টি প্রেক্ষাগৃহে ছবির শো দেওয়া হল।

হিন্দি ছবির চাপে বন্ধ হতে চলা এই আধ্যাত্মিক ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছিল বলে দাবি। দর্শকের চাহিদা থাকা সত্ত্বেও মাত্র এক সপ্তাহে ছবিটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়ায় সরব হন টলিউডের তারকারা। এরপরই গত মঙ্গলবার নবান্নের বিশেষ বৈঠকে বড় সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রযোজক, পরিচালক, পরিবেশক ও তারকাদের উপস্থিতিতে তিনি স্পষ্ট করেন যে, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমে বাংলা ছবির শো চালাতে হবে এবং নিয়ম না মানলে লাইসেন্স বাতিল হতে পারে। ‘সাধক বামাক্ষ্যাপা’র ক্ষেত্রেও সেই কড়াকড়ি কার্যকর হয়েছে এবং নতুন করে ৬৩টি প্রেক্ষাগৃহে শো বাড়ায় বাংলা ছবির ভবিষ্যতের জন্য এটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *