হাতি-মানুষ সংঘাত রুখতে পাইলট প্রকল্প ও হোয়াটসঅ্যাপ নজরদারি! বন দফতরে ৫০০ পদে নিয়োগের প্রস্তাব

শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর বনাঞ্চলে ‘নগরবন’ প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য বন দফতর। শুক্রবার (২৭ নভেম্বর) উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বনমন্ত্রী মনোজ ওঁরাও; তিনি জানান, ডিপিআর তৈরির কাজ চলছে এবং আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সেই রিপোর্ট জমা পড়তে পারে। দ্রুত নগরায়ণের মাঝেও সবুজ বনাঞ্চল বাঁচিয়ে রেখে প্রকৃতি ও মানুষের ভারসাম্য বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
হাতি-মানুষ সংঘাত মোকাবিলা ও কর্মী নিয়োগ উত্তরবঙ্গে হাতি ও মানুষের সংঘাত কমাতে বক্সা, জলপাইগুড়ি ও গরুমারায় পাইলট প্রকল্প শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। ফেন্সিং, হাতি চলাচলের নালা নির্মাণ, সিসিটিভি ও থার্মাল ক্যামেরার মাধ্যমে নজরদারির পাশাপাশি মাদারিহাটের কয়েকটি রেঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ও গ্রামবাসীদের নিয়ে বিশেষ দল তৈরি করা হয়েছে, যাঁরা দিনরাত নজর রেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগেভাগে সতর্কবার্তা দিচ্ছেন। এ ছাড়া বন দফতরের কর্মী ঘাটতি মেটাতে ৪০০ কনস্টেবল ও ১০০ সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আপাতত রাজ্য পুলিশ থেকে প্রায় ৫০০ কর্মীকে ডেপুটেশনে আনার চেষ্টা চলছে।
বক্সায় বাঘ বাড়ানোর পরিকল্পনা ও আবাসস্থল বক্সায় বাঘের সংখ্যা বাড়ানো এবং নিরাপদ আবাসস্থল তৈরির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। বনমন্ত্রী জানান, বক্সায় ছাড়া বাঘিনী ‘ডুয়ার্স রানি’ বর্তমানে কোর এলাকার মধ্যেই ঘোরাফেরা করছে এবং ভবিষ্যতে আরও বাঘ-বাঘিনী আনার পরিকল্পনা রয়েছে; সেজন্য স্পটেড ডিয়ার, ওয়াইল্ড বোর ও সম্বর হরিণের জন্য তিনটি পৃথক এনক্লোজার এবং একটি কোয়ারেন্টাইন এনক্লোজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বক্সা, ভুটানের ফিপসু এবং অসমের রায়মোনাকে বন্যপ্রাণীর দৃষ্টিতে একটি সংযুক্ত বনাঞ্চল হিসেবে বিবেচনা করে বাঘের স্বাভাবিক চলাচলে বাধা না দেওয়ার কথাও জানানো হয়েছে, তবে লোকালয়ে বন্যপ্রাণী ঢুকলে প্রয়োজনে ট্র্যাঙ্কুলাইজ করে ফেরানোর ব্যবস্থা থাকবে।