কৃষকদের পাশাপাশি লাভবান হবে চালকলও! ৩৬ লক্ষ ৩৯ হাজার টন ধান কেনার নতুন লক্ষ্যমাত্রা

রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা এক ধাক্কায় প্রায় ১২ লক্ষ টন বাড়ানো হয়েছে। ২০২৬-২৭ খরিফ মরশুমে আগে ২৪ লক্ষ ৬০ হাজার টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও, নতুন নির্দেশে তা বাড়িয়ে ৩৬ লক্ষ ৩৯ হাজার টন করা হয়েছে। এর ফলে রাজ্যের আরও বেশি সংখ্যক কৃষক সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন।
সহায়ক মূল্য ও রেশন বরাদ্দের যোগসূত্র এবার সাধারণ ধানের জন্য কেন্দ্রীয় সরকার কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি (MSP) নির্ধারণ করেছে ২,৪৪১ টাকা, যার সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত ২০০ টাকা দেবে। ফলে রাজ্যের সরকারি উদ্যোগে সাধারণ ধান বিক্রি করলে চাষিরা কুইন্টাল প্রতি মোট ২,৬৪১ টাকা পাবেন।
জানা গিয়েছে, রেশন ব্যবস্থায় চালের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের সঙ্গে এই সিদ্ধান্তের সরাসরি যোগ রয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা রাজ্যের প্রায় ৬ কোটি রেশন গ্রাহকের জন্য সেন্ট্রাল পুলের চালের বরাদ্দ বাড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুরোধে কেন্দ্র সম্মতি দিয়েছে বলে জানানো হয়েছে। ডিসেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা; রেশনে চালের বরাদ্দ বাড়লে আরও বেশি চালের প্রয়োজন হবে এবং সেই চাল উৎপাদনের জন্যই চাষিদের কাছ থেকে বেশি ধান কেনার সুযোগ তৈরি হবে।
শুরু হচ্ছে সংগ্রহ, উপকৃত হবে চালকলও ডিসেম্বর মাস থেকেই সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হওয়ার কথা এবং ইতিমধ্যেই প্রায় সোয়া ৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য, গত খরিফ মরশুমে রাজ্যে প্রায় ৪৬ লক্ষ টন ধান কেনা হয়েছিল।
বেঙ্গল রাইস মিল ওনারস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আব্দুল মালেকের মতে, বেশি পরিমাণে ধান কেনা হলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি রাজ্যের চালকলগুলোও বেশি চাল উৎপাদনের সুযোগ পাবে, যা সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতির পক্ষে ইতিবাচক হতে পারে।