‘এত ব্যস্ততার মাঝেও এসেছেন, চিরস্মরণীয় দিন!’ মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আবেগাপ্লুত বিধায়ক-কন্যা

সরকারি একগুচ্ছ কর্মসূচির ব্যস্ততার মধ্যেও শুক্রবার দুর্গাপুরে দু’বারের স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুর স্টিল টাউনশিপের বিবেকানন্দ রোডের ওই বাসভবনে গিয়ে লক্ষ্মণ-কন্যার ২৩ দিনের পুত্রসন্তানকে আশীর্বাদ করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সফরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধায়ক-কন্যা ও তাঁর পরিবার।
দিনভর কর্মসূচি ও বিধায়কের বাসভবনে সাক্ষাৎ এদিন শুভেন্দু অধিকারী প্রথমে আকাশপথে অন্ডাল বিমানবন্দরে পৌঁছান এবং অন্ডাল বিমান নগরীতে একটি বেসরকারি ক্যানসার কেয়ার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে সড়কপথে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী; বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত ছিলেন। পরে সিটি সেন্টারের ডিএমসি মোড়ে বজরংবলির সুবিশাল মূর্তি উন্মোচন করার পর তিনি দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন বিবেকানন্দ রোডে বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের বাড়িতে যান। সেখানে লক্ষ্মণের কন্যা সুস্মিতা পাত্র ও জামাতা সৌমেন পাত্রের ২৩ দিনের শিশু শিবাংশ পাত্রকে কোলে নিয়ে আদর ও আশীর্বাদ করেন শুভেন্দু অধিকারী। শীতের কথা মাথায় রেখে একরত্তি শিশুকে ঠান্ডা থেকে সাবধানে রাখার পরামর্শও দেন তিনি।
আবেগাপ্লুত প্রতিক্রিয়া পরিবারের মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর অনুভূতি ভাগ করে নিয়ে সুস্মিতা পাত্র বলেন, “আবেগপ্রবণ হয়ে পড়েছি আমরা। আজ মুখ্যমন্ত্রী এলেন আমাদের সন্তানকে আশীর্বাদ করতে। এ সমস্ত কিছুই বাবার পরিশ্রমের ফসল। মুখ্যমন্ত্রীর এই আশীর্বাদ আমাদের সন্তানের কাছে এক বিরাট পাওনা। মুখ্যমন্ত্রীর মতো দেশ ও দশের কাছে আমাদের সন্তান যেন জনপ্রিয় হয়ে উঠতে পারে, সেই স্বপ্ন দেখতে শুরু করলাম।”
জামাতা সৌমেন পাত্রও দিনটিকে চিরস্মরণীয় বলে উল্লেখ করে জানান, এত ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী যে তাঁদের বাড়িতে এসে সন্তানকে আশীর্বাদ করেছেন, সেজন্য তিনি কৃতজ্ঞ এবং এই আশীর্বাদ তাঁদের সন্তানের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।