জানজটমুক্ত কলকাতা থেকে বারাণসী ৫ ঘণ্টায়—বাংলায় ১ লক্ষ কোটির সড়ক-ধামাকা গড়করির!

পশ্চিমবঙ্গের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে প্রায় ১ লক্ষ কোটি টাকার মেগা পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত এক সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যের সড়ক উন্নয়নের এই পরিকল্পনা তুলে ধরেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। গড়করি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলার জাতীয় সড়কগুলোকে আমেরিকার সড়ক ব্যবস্থার সমতুল্য করে তোলা হবে এবং অর্থের কোনও ঘাটতি হতে দেওয়া হবে না।

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের শিল্প, বাণিজ্য ও পর্যটনকে এগিয়ে নিতে উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে বাংলায় সাতটি নতুন গ্রিনফিল্ড করিডোর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের অন্যতম বড় প্রকল্প হল কলকাতাকে যানজটমুক্ত করতে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণ। এই রিং রোড শহরের চারপাশ দিয়ে হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে যুক্ত করবে এবং কোনা, বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে, ফলে ভিনরাজ্য থেকে আসা ভারী পণ্যবাহী গাড়িগুলোকে আর শহরের মূল রাস্তায় ঢুকতে হবে না।

এ ছাড়া ডানকুনি থেকে কোলাঘাট পর্যন্ত ৫৮ কিলোমিটার দীর্ঘ আট লেনের মহাসড়ক নির্মাণে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত ৭৫ কিলোমিটার সড়ক উন্নয়নে ৮ হাজার কোটি টাকা, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে উন্নয়নে ১ হাজার কোটি টাকা এবং রাজ্যের বিভিন্ন শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কগুলোর আধুনিকীকরণে আরও অর্থ বরাদ্দের কথা জানানো হয়েছে।

নতুন এক্সপ্রেসওয়ে ও করিডোরগুলো চালু হলে আন্তঃরাজ্য ও আঞ্চলিক যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে বলে আশাবাদী কেন্দ্র। গড়করি জানান, নতুন করিডোর তৈরি হলে কলকাতা থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা, শিলিগুড়ি থেকে গুয়াহাটি যেতে লাগবে প্রায় ৪ ঘণ্টা এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানো যাবে প্রায় ১ ঘণ্টায়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রের এই প্রকল্পগুলোকে স্বাগত জানান। তিনি আশ্বাস দেন, প্রকল্পগুলো বাস্তবায়নের স্বার্থে জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা রাজ্য সরকারের তরফে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *