দুর্নীতির কাজে শ্যালককে ব্যবহার? আর্থিক লেনদেনের হদিস পেতে কোমর বাঁধল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্বশুরবাড়ির সদস্যরা। ইতিমধ্যেই সুজিত বসুর শ্যালকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি কতটা জানতেন এবং চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। শুধু শ্যালকের স্ত্রীই নন, সুজিতের শ্বশুরবাড়ির আরও চার থেকে পাঁচ জন সদস্যকে চলতি সপ্তাহে তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।

এর আগে গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিত বসুকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তাঁর দেওয়া উত্তরে গোয়েন্দারা সন্তুষ্ট নন। সেই জিজ্ঞাসাবাদের কয়েক দিন পরেই শ্বশুরবাড়ির সদস্যদের তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিআই সূত্রে আরও দাবি, দুর্নীতির কাজে সুজিত তাঁর শ্যালককে ব্যবহার করেছিলেন এবং তাঁকে চাকরিও পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর্থিকভাবে তিনি কী কী সুবিধা পেয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডি। গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। সিবিআইয়ের চার্জশিটে তাঁর নাম না থাকলেও ইডির চার্জশিটে সুজিত ও তাঁর ছেলের নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা এবং দুর্নীতির টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। যদিও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুজিত বসু; একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *