মুক্তির পরও ‘রামায়ণ’ নিয়ে জরুরি শুনানির আর্জি? আইনজীবীকে ধমক সুপ্রিম কোর্টের

প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়ে যাওয়ার পরও ‘রামায়ণ’ ছবির বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের কেন জরুরি শুনানি প্রয়োজন— তা নিয়ে প্রশ্ন তুলল ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানান আবেদনকারীর আইনজীবী। অভিযোগ, ছবিতে হিন্দু মহাকাব্যের তথ্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে। তবে সেই আর্জি খারিজ করে প্রধান বিচারপতি আবেদনকারীর আইনজীবীকে আদালতের সময় নষ্ট না করার নির্দেশ দেন।

শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেন যে নির্মাতারা নিজেদের বোঝাপড়া ও ব্যাখ্যা অনুযায়ী মহাকাব্য পর্দায় তুলে ধরতে পারেন। আপত্তি বা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলে নিজেই ছবি বা তথ্যচিত্র বানানোর পরামর্শ দেন তিনি। প্রধান বিচারপতির কথায়, নির্মাতারা তাঁদের মতো করে ছবি বানিয়েছেন, আপত্তি থাকলে পাল্টা দৃষ্টিভঙ্গি নিয়ে ছবি তৈরি করা হোক, কিন্তু অযথা আদালতের সময় নষ্ট করা যাবে না।

বেঞ্চের পর্যবেক্ষণ, ‘রামায়ণ: পার্ট ১’ ইতিমধ্যেই গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দর্শকরা ছবিটি দেখছেন। দর্শকদের নিজেদের মতামত গঠনের স্বাধীনতা রয়েছে; কেউ প্রশংসা করবেন, কেউ সমালোচনা— তা সম্পূর্ণ স্বাভাবিক ও গ্রহণযোগ্য। তাই ছবি মুক্তির পর এই মামলায় জরুরি শুনানির কোনও প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেয় শীর্ষ আদালত। উল্লেখ্য, রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবিটির উপস্থাপনা ঘিরেই মূলত আপত্তি তুলেছিলেন আবেদনকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *