১৮ নয়, ১৬ বছরেই হোক প্রাপ্তবয়স্ক? ডাকাতি-খুনের মামলায় নাবালকের জামিন খারিজ করে বড় মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের

প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনসভা বা বিধানসভার প্রতি আহ্বান জানিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। ডাকাতি ও খুনের একটি মামলায় দ্বিতীয়বার জামিনের আবেদন খারিজ হওয়ার বিরুদ্ধে এক নাবালকের করা আপিল নাকচ করার সময় বিচারপতি আবদুল শাহিদ এই মন্তব্য করেছেন।
কেরল হাই কোর্টের একটি পূর্ববর্তী পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে আদালত জানায়, যে সব আইন নাবালক এবং আইনের সঙ্গে সংঘাতে জড়ানো শিশুদের বিষয়ে প্রযোজ্য, সেগুলিতে সংশোধন আনার বিষয়ে ভাবার সময় এসেছে। বর্তমান সময়ে ১৬ বছর বয়সে পৌঁছোনোর আগেই শিশু ও কিশোরদের মধ্যে যথেষ্ট পরিণতবোধ বা ম্যাচিউরিটি দেখা যাচ্ছে বলেই এই আইনগুলিতে বয়সের সীমা কমিয়ে ১৬ বছর করা উচিত বলে মনে করা হয়েছে।
গত ১৭ নভেম্বরের নির্দেশে বিচারপতি শাহিদ উল্লেখ করেন, কেরল হাই কোর্টের ওই মন্তব্যগুলি বিবেচনায় রেখে আইনসভা এই বিষয়টি নিয়ে যথাযথভাবে ভাবনাচিন্তা করতে পারে।
জামিনের আর্জি নিয়ে হাই কোর্টে আবেদন ২০২২ সালের একটি ঘটনায় বাগপতের এক নিম্ন আদালতে বা পকসো আদালতে দ্বিতীয়বার জামিনের আবেদন জানিয়েছিল ওই নাবালক। চলতি বছরের ৫ মে বিচারক সেই আবেদন খারিজ করে দেন। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আশায় এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয় সে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট বা কিশোর ন্যায় আইন, ২০১৫-এর ১০১(৫) ধারা অনুযায়ী এই আপিল করা হয়েছিল, যা নাবালকদের নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার অধিকার দেয়। সরকারি পক্ষের অভিযোগ, এই মামলায় ডাকাতি এবং শুভম ওরফে মৃগেন্দ্র নামে এক ব্যক্তিকে খুনের ঘটনা ঘটেছে।
অভিযুক্তের আইনজীবীর সওয়াল হাই কোর্টে অভিযুক্ত নাবালকের আইনজীবী দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আইনজীবীর যুক্তি, এফআইআর কিংবা পুলিশের কাছে দেওয়া বয়ানে—কোথাও ওই নাবালকের নির্দিষ্ট কোনো ভূমিকার কথা উল্লেখ নেই। পাশাপাশি তাঁর দাবি, অভিযুক্তের কাছ থেকে কোনো সামগ্রী উদ্ধার হয়নি এবং তার কোনো পুরনো অপরাধের নথিও নেই।