মহাকাশে প্রথম মহিলা নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব,জেনেনিন তার পরিচয়

প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব। চলতি বছরের শেষের দিকে একজন পুরুষ ও একজন নারী নভোচারীকে মহাকাশ মিশনে পাঠাবে দেশটি।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনির সঙ্গে যোগ দেবেন ওই নারী নভোচারী রায়ানাহ বার্নাবি। ‘এএক্স-২ স্পেস মিশনে’ ক্রু হিসেবে যোগ দেবেন তিনি। তাদের মহাকাশ ফ্লাইটটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরবই মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে মহাকাশে নভোচারী পাঠাচ্ছে। আরব দেশগুলোর মধ্যে ২০১৯ সালে প্রথমবারের মতো মহাকাশে যান আমিরাতের হাজা আল-মানসুরি। সে সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আট দিন ছিলেন তিনি।

চলতি মাসেই মহাকাশে যাবেন সুলতান আল-নেয়াদি নামের আরেক আমিরাতি। স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটে ছয় মাসের জন্য আইএসএসের উদ্দেশে রওনা করবেন তিনি।

উপসাগরীয় অঞ্চলের রাজতান্ত্রিক দেশগুলোর অর্থনীতি মূলত তেলনির্ভর। তবে সেই নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে তারা। সংস্কারের মাধ্যমে নিজেদের রক্ষণশীল ভাবমূর্তি বদলাতে চাইছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সে চেষ্টা করে যাচ্ছেন।

২০১৭ সালে সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বিদেশভ্রমণের অনুমতি পায়। ২০১৬ সালের পর থেকে কর্মক্ষেত্রে দেশটিতে নারীদের অংশগ্রহণ দ্বিগুণের বেশি বেড়ে ১৭ শতাংশ থেকে ৩৭ শতাংশ হয়েছে।

এর আগেও সৌদি নাগরিকের মহাকাশে যাওয়ার সুযোগ হয়েছে । ১৯৮৫ সালে যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ প্রথম আরব মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের একটি অভিযানের অংশ হয়ে মহাকাশে ভ্রমণ করেছিলেন। তিনি সৌদি বিমানবাহিনীর পাইলট ছিলেন। ২০১৮ সাল থেকে নতুন করে মহাকাশে নভোচারী পাঠানোর উদ্যোগ শুরু করে সৌদি আরব।

সূত্র: আল-মনিটর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *