সমুদ্রে নিখোঁজ ৭ মৎস্যজীবী! পারাদ্বীপের কাছে নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কোস্ট গার্ড-নেভির যৌথ তল্লাশি অভিযান

সমুদ্রে নিখোঁজ হয়েছেন সাতজন মৎস্যজীবী। শেষবার তাঁদের দেখা মিলেছিল ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে। এরপর আর কোনও খোঁজ মেলেনি। ভারতের কোস্ট গার্ড এবং নেভি যৌথভাবে তাঁদের খুঁজতে একটি তল্লাশি অভিযান শুরু করেছে। তাঁরা সকলেই কাকিনাডার সুব্বমপেটা গ্রামের বাসিন্দা।

কর্মকর্তাদের মতে, ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে সাইক্লোনিক আবহাওয়ার সময় তাঁদের নৌকার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে। ওই মৎস্যজীবীরা ৪ নভেম্বর উপ্পাদা থেকে পারাদ্বীপের দিকে মাছ ধরার জন্য যাত্রা শুরু করেছিলেন। ১০ নভেম্বর বিশাখাপত্তনম বন্দরে পৌঁছে মাছ বিক্রি করেন এবং একই দিনে আবার সমুদ্রে ফিরেও যান। পরিবারগুলি ১৪ নভেম্বর পর্যন্ত যোগাযোগ করতে পেরেছিল। কিন্তু তারপর আর সম্ভব হয়নি।

নৌকাটিকে শেষবার ১৮ নভেম্বর পারাদ্বীপ বন্দরের কাছে দেখা গিয়েছিল, আর ১৯ নভেম্বর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কাকিনাডা জেলার কালেক্টর এম.এন. হরেন্দ্র প্রতাশ বলেন, “পরিবারের কাছ থেকে তথ্য পাওয়ার পর প্রশাসন কোস্ট গার্ডকে সতর্ক করে।” সঙ্গে তিনি জানান, “মোবাইল ফোন বা নৌকার ট্রান্সপন্ডারের মাধ্যমে তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি।”

প্রতিকূল পরিস্থিতিতে জলের তোড়ে নৌকাটি প্রতিবেশী দেশের দিকেও ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টি পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তিনি কর্মকর্তাদের অনুসন্ধান চালানোর এবং পরিবারগুলির খবর রাখার নির্দেশ দিয়েছেন। উপপ্রধানমন্ত্রীও কোস্ট গার্ড, নেভি এবং সামুদ্রিক পুলিশের সঙ্গে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

কৃষি ও মৎস্যমন্ত্রী কে. অচন্নায়ডু জানিয়েছেন, সরকার কেন্দ্রের সাহায্য চেয়েছে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, নৌকাটি প্রায় ১,৫০০ লিটার ডিজেল এবং প্রায় ৩০ দিনের খাদ্যসামগ্রী বহন করছিল। ফলে এই মুহূর্তে সেটি কোন অবস্থায় রয়েছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আশা করা হচ্ছে, কোস্ট গার্ড ও নেভির যৌথ তল্লাশি অভিযানে দ্রুত নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান পাওয়া যাবে। পরিবারগুলির উদ্বেগের মধ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় বাহিনী সমন্বিতভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *