৫,০০০ মিটার উচ্চতা থেকে মরুভূমি—শত্রু ড্রোন গুঁড়িয়ে দিতে তৈরি ভারতের ‘ভার্গবাস্ত্র’,

ভারত রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘ভার্গবাস্ত্র’-এর ডেভেলপমেন্ট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। এটি ভারতের প্রথম দেশীয়ভাবে নকশা ও তৈরি দুই-স্তরের, যানবাহন-মাউন্টেড কাউন্টার-সোয়ার্ম ড্রোন সিস্টেম। ড্রোন হামলার বিরুদ্ধে ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই সিস্টেমটি তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL)।

শত্রুর ড্রোন মোকাবিলার জন্য বিশেষভাবে তৈরি এই ব্যবস্থাটি এমন হামলা রুখতে সক্ষম, যেখানে একাধিক ড্রোন একসঙ্গে আঘাত হানে। একসাথে একাধিক আকাশ-লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রয়েছে এর। আকাশপথের বিপদ ঠেকাতে ও ধ্বংস করতে এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি আনগাইডেড রকেট এবং নির্ভুল মাইক্রো-মিসাইলের সমন্বয় ব্যবহার করে।

শত্রুর ড্রোনকে সরাসরি ধ্বংস করে

এর দুই-স্তরের নকশা বিভিন্ন ধরনের ড্রোন হামলা মোকাবিলায় আলাদা আলাদা অস্ত্র ব্যবহারের সুযোগ দেয়। সিস্টেমটি ‘হার্ড-কিল’ পদ্ধতিতে কাজ করে; অর্থাৎ কমিউনিকেশন সিগন্যাল জ্যাম করা বা নেভিগেশন সিস্টেম নষ্ট করার মতো ইলেকট্রনিক কৌশলের বদলে এটি শত্রুর ড্রোনকে ভৌতভাবে ধ্বংস করে দেয়। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও যেসব অটোনোমাস ড্রোন নিজেদের মতো কাজ চালিয়ে যেতে পারে, সেগুলোর বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর।

প্রয়োজন অনুযায়ী মোতায়েনযোগ্য

যানবাহনে বসানো যায় এমন ভার্গবাস্ত্রের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো অপারেশনাল প্রয়োজন অনুযায়ী একে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মোতায়েন করা যায়। মরুভূমি, সমতল ভূমি থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটার উচ্চতা পর্যন্ত নানা ভৌগোলিক পরিবেশে কাজ করার উপযোগী করে এটি তৈরি করা হয়েছে। ফলে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একে সহজেই ব্যবহার করা যাবে।

কীভাবে ড্রোন শনাক্ত করে ভার্গবাস্ত্র?

ভার্গবাস্ত্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পুরো সিস্টেমের মস্তিষ্ক হিসেবে কাজ করে। আকাশ থেকে ধেয়ে আসা বিপদ শনাক্ত ও ট্র্যাক করতে এটি একাধিক সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। সিস্টেমটিতে ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ড্রোন শনাক্ত করতে সক্ষম রাডার রয়েছে। এর পাশাপাশি রয়েছে ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড (EO/IR) নজরদারি ব্যবস্থা এবং প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি (RF) সেন্সর। এই প্রযুক্তিগুলো ড্রোনের উপস্থিতি বোঝা, তার গতিবিধি অনুসরণ করা এবং বিপদ চিহ্নিত করতে সাহায্য করে।

একক ড্রোন হোক বা ঝাঁক বেঁধে আসা ড্রোন—শনাক্ত হওয়ার পর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম তথ্য বিশ্লেষণ করে অপারেটরদের কাছে আকাশপথের বিপদের রিয়েল-টাইম চিত্র তুলে ধরে। এরপর লঞ্চারকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে দিলে সিস্টেমটি ধেয়ে আসা ড্রোন ধ্বংস করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *