৩০ নভেম্বর থেকে টানা চার দিন পোর্ট ব্লেয়ারে বিচারকাজ, নয়া নজির গড়তে চলেছে কলকাতা হাইকোর্ট

দেশের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ইতিহাসে তৈরি হতে চলেছে নতুন নজির। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে বসবে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। স্বাধীনতার পর এই প্রথম পোর্ট ব্লেয়ারে বসতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ; এর আগে কখনও সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসেনি।

প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের সঙ্গে এই ডিভিশন বেঞ্চে থাকবেন বিচারপতি কৃষ্ণ রাও। তিনি নিজেও আন্দামানের বাসিন্দা, তবে হাইকোর্টের বিচার সংক্রান্ত কাজের জন্য বর্তমানে কলকাতায় থাকেন।

কলকাতা হাইকোর্টের মোট তিনটি ক্যাম্পাস রয়েছে—মূল বেঞ্চ কলকাতায়, পাশাপাশি রয়েছে পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ১৯৫৩ সাল থেকে পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চ চালু রয়েছে, আর ২০১৯ সালে শুরু হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এর আগে কিছুদিন আগে প্রধান বিচারপতি সুজয় পাল কয়েক দিন জলপাইগুড়িতে ডিভিশন বেঞ্চে বসেছিলেন।

কলকাতা হাইকোর্টের কর্মসংস্কৃতিতে পরিবর্তন আনতেও উদ্যোগী হয়েছেন নতুন প্রধান বিচারপতি। কথায় কথায় ছুটি নেওয়ার প্রবণতা কমাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছেন তিনি। পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসানোর সিদ্ধান্তকেও হাইকোর্টের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আইনজীবী সূত্রে খবর, সম্প্রতি এক দিনের জন্য পোর্ট ব্লেয়ারে গিয়ে নিজেই সেখানে বসে বিচারকাজ করেছিলেন প্রধান বিচারপতি ঘুগে। পোর্ট ব্লেয়ারের মানুষ যাতে তাঁদের সার্কিট বেঞ্চকে কলকাতা থেকে আলাদা বলে মনে না করেন, সেই বার্তা দিতেই প্রধান বিচারপতির সেখানে গিয়ে বসার এই সিদ্ধান্ত বলে মনে করছেন আইনজীবীরা।

ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী, বর্তমানে কলকাতা হাইকোর্টে মোট ১ লক্ষ ৯৭ হাজার ২৪৮টি মামলা ঝুলে রয়েছে। অন্যদিকে, পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে বিচারাধীন মামলার সংখ্যা ৬১০—যার মধ্যে ৫৪৬টি দেওয়ানি মামলা এবং ৬৪টি ফৌজদারি মামলা। সাধারণত প্রতি ১৫ দিন অন্তর কলকাতা থেকে দু’জন বিচারপতি পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে যান এবং সেখানে ডিভিশন বেঞ্চ ও একক বেঞ্চে বিচারকাজ চলে। তবে এই প্রথমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পোর্ট ব্লেয়ারে বসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *