লোভ নয়, হরমোনের ওঠানামা! পিরিয়ডের আগে খিদে বাড়লে কী করবেন? জানুন সহজ উপায়

অনেক মহিলাই লক্ষ্য করেন, পেট ভরা থাকলেও বারবার কিছু খেতে ইচ্ছে করে। বিশেষ করে পিরিয়ডের আগে মিষ্টি, চকোলেট, ভাত কিংবা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়। এটি শুধু খিদে বা লোভ নয়, বরং এর নেপথ্যে রয়েছে শরীরের হরমোন, মস্তিষ্ক এবং মনের জটিল খেলা।

প্রথমত, পিরিয়ডের ৭ থেকে ১০ দিন আগে থেকে ইস্ট্রোজেন হরমোন কমতে থাকে এবং প্রোজেস্টেরন বাড়তে থাকে। ইস্ট্রোজেন কমলে মস্তিষ্কে সেরোটোনিন নামক হ্যাপি হরমোনও কমে যায়, যার ফলে মন খারাপ, বিরক্তি ও ক্লান্তি দেখা দেয়। তখন মস্তিষ্ক মিষ্টি বা কার্বোহাইড্রেট খেতে বলে, কারণ মিষ্টি খেলে সেরোটোনিন বাড়ে এবং মন কিছুটা ভালো হয়; এটি মূলত শরীরের নিজেকে ঠিক করার চেষ্টা।

দ্বিতীয়ত, পিরিয়ডের আগে লুটিয়াল ফেজে মহিলাদের শরীরের শক্তি বেশি লাগে। গবেষণায় দেখা গিয়েছে, এই সময় বেসাল মেটাবলিক রেট ২ থেকে ৫ শতাংশ বেড়ে যায়। অর্থাৎ শরীর ভিতরে ভিতরে বেশি ক্যালোরি পোড়ায়, ফলে স্বাভাবিকভাবেই খিদে বেড়ে যায়।

তৃতীয়ত, ইমোশনাল ইটিং বা মনের ক্ষুধা বড় ভূমিকা নেয়। স্ট্রেস, উদ্বেগ বা দায়িত্বের চাপ থেকে মন খারাপ হলে কিংবা রাগ-অভিমানে অনেকেই খাবারের মাধ্যমে নিজেকে শান্ত করার চেষ্টা করেন। চকোলেট বা আইসক্রিমে সাময়িক আরাম মিললেও পরে অপরাধবোধ কাজ করতে পারে।

চতুর্থত, পিরিয়ডের আগে ঘুম কম হলে কর্টিসল হরমোনের প্রভাবে খিদের হরমোন গ্রেলিন বেড়ে যায় এবং পেট ভরার হরমোন লেপটিন কমে যায়। এর ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে নিজেকে দোষ না দিয়ে বরং কয়েকটি সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে। চিনির বদলে খেজুর, ডার্ক চকোলেট, ফল, ভাজা মাখানা বা ছোলার মতো স্মার্ট সোয়্যাপ বেছে নেওয়া ভালো। প্রতিবেলার খাবারে ডিম, ডাল, দই বা ওটসের মতো প্রোটিন ও ফাইবার রাখলে পেট অনেকক্ষণ ভরা থাকে। অনেক সময় তেষ্টাকে খিদে ভেবে ভুল হয়, তাই পর্যাপ্ত জল পান করা জরুরি। খিদে পেলে ১০ মিনিট হাঁটা, গান শোনা বা কারও সঙ্গে কথা বলার মতো উপায়ও কাজে আসে; সত্যিকারের খিদে থাকলে তা থেকে যায়, আর মনের খিদে হলে কেটে যায়।

তবে ওভারইটিং যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ওজন দ্রুত বাড়ে কিংবা পিরিয়ড অনিয়মিত হয়ে পড়ে, তা হলে অবশ্যই গাইনোকোলজিস্ট বা ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটি পিসিওএস বা থাইরয়েডের লক্ষণও হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *