২০০ বর্গ কিমি জমি ও তেজসের ইঞ্জিন নিয়ে নীতিন নবীনের নামে ছড়ানো ভিডিও আসলে কীসের?

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীনকে জড়িয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ডিপফেক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দাবি করা হয়, চীনের চাপের মুখে ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে এবং তেজস যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়েও নাকি বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তবে তথ্য যাচাইয়ে দেখা গিয়েছে, এই দাবি ভিত্তিহীন এবং ভিডিওটি সম্পাদিত।
৩৭ সেকেন্ডের ভাইরাল ফুটেজে নীতিন নবীনকে বলতে শোনা যায় যে চীনের দখলে থাকা ২০০ বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড পুনরুদ্ধারের চুক্তির বিনিময়ে পাকিস্তানকে এসসিও সম্মেলনে আমন্ত্রণ জানাতে ভারতকে চাপ দিচ্ছে বেইজিং। একই ভিডিওতে তেজস বিমান প্রসঙ্গে দাবি করা হয় যে এয়ারফ্রেম তৈরি থাকলেও ইঞ্জিন নেই এবং যুক্তরাষ্ট্র যখন খুশি তখন ইঞ্জিন সরবরাহ করবে। এই ক্লিপটি এমন এক ক্যাপশনসহ ছড়ানো হয়, যেখানে এসসিও সম্মেলনে পাকিস্তানের আমন্ত্রণ ও তেজসের ইঞ্জিন ইস্যুতে নীতিন নবীনকে কটাক্ষ করা হয়েছে।
তথ্য যাচাইয়ে উঠে এসেছে, গত ২২ নভেম্বর, ২০২৬ তারিখে চণ্ডীগড়ে দেওয়া নীতিন নবীনের ভাষণের ফুটেজ ব্যবহার করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা আসল ফুটেজ এবং বিজেপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম হওয়া পুরো বক্তৃতায় এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। আসল ভাষণে চণ্ডীগড়ের এক সমাবেশে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। পাশাপাশি, এআই অডিও ডিটেকশন টুলের মাধ্যমেও ভাইরাল ভিডিওর অডিওটি ডিপফেক বলে নিশ্চিত হওয়া গিয়েছে।