ফেসবুক ফিড ও রিলসে এবার নিজের পছন্দের রাজত্ব? মেটার নতুন এআই ফিচারে বড় চমক

সোশাল মিডিয়া এখন নিত্যদিনের সঙ্গী। কাজের ফাঁকে বা অবসরে থেকে থেকে একবার করে ফেসবুকের ফিডে চোখ না বোলালে যেন শান্তি মেলে না। কিন্তু সমস্যা হলো, একই ধাঁচের কনটেন্ট বারবার সামনে চলে আসে। এই অভিজ্ঞতা কমবেশি সবারই। তবে এবার সেই অভিজ্ঞতাই বদলে যেতে পারে বলে পরিকল্পনা করছে মেটা।

মার্ক জুকারবার্গের সংস্থা এবার ব্যবহারকারীদের ফিড নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিতে চাইছে। মেটা ‘ইওর অ্যালগরিদম’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত একটি নতুন ফিচার চালু করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্পষ্ট করে জানাতে পারবেন, তাঁরা ঠিক কী ধরনের কনটেন্ট বেশি দেখতে চান এবং কোন ধরনের বিষয় এড়িয়ে চলতে চান।

ফলে অপছন্দের কনটেন্ট দ্রুত স্ক্রল করে এড়িয়ে যাওয়ার দিন শেষ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এবার সরাসরি ব্যবহারকারীদের হাতেই থাকবে নিয়ন্ত্রণের দায়িত্ব। ব্যবহারকারীরা নিজেদের পছন্দের তালিকায় নতুন বিষয় যোগ করতে পারবেন কিংবা কোনো বিষয় বাদও দিতে পারবেন।

একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই ফিচার ফেসবুক ফিড এবং রিলস—উভয় ক্ষেত্রেই কাজ করবে। ‘ইওর অ্যালগরিদম’-এ থাকবে দুটি তালিকা—‘ইন্টারেস্টেড ইন’ এবং ‘নট ইন্টারেস্টেড ইন’। নাম থেকেই পরিষ্কার, পছন্দ ও অপছন্দের বিষয় এই দুই অংশে জানিয়ে দিতে হবে। এর ফলে ব্যবহারকারীর ফিড পছন্দের কনটেন্টে ভরে উঠবে।

এতদিন অ্যালগরিদম ঠিক করত ব্যবহারকারী কী দেখবেন। কিন্তু নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরাই ঠিক করবেন অ্যালগরিদম কীভাবে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *